নিজস্ব প্রতিনিধি, বারাসত: আশ্রমের আবাসিক দুই কিশোরীকে যৌন হেনস্তার দায়ে স্বামী সত্যরূপানন্দকে (৬২) পাঁচ বছর কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত আদালত। জানা গিয়েছে, গোবরডাঙার এলাকায় একটি আশ্রম আছে স্বামী সত্যরূপানন্দর। ২০২২ সালের ১৭ আগষ্ট ১৩ বছরের দুই কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগ উঠে স্বামী সত্যরূপানন্দ বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছিল। আশ্রম ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরের দিনই গোবরডাঙা থানায় লিখিত যৌন হেনস্তার অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মামলা শুরু হয় বারাসত আদালতের বিশেষ পকসো কোর্টে। ২০২২ সালের ১৫ অক্টোবর অভিযুক্তের বিরুদ্ধে বারাসত আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। ট্রায়াল চলাকালীন অভিযুক্তের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। সাক্ষীদের মধ্যে ছিল নির্যাতিতারও। সাক্ষীদের বয়ান সহ পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে বৃহস্পতিবার স্বামী সত্যরূপানন্দকে দোষী সাব্যস্ত করেন বিশেষ পকসো কোর্টের বিচারক। শুক্রবার সাজা ঘোষণা হল। মামলার বিশেষ সরকারি আইনজীবী দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, দুই আবাসিককে আশ্রমের ভিতর যৌন হেনস্তার দায়ে স্বামী সত্যরূপানন্দকে পাঁচ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। এছাড়া ২০ হাজার টাকার জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।



