সংবাদদাতা, উলুবেড়িয়া: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে সোমবার এক যুবককে গ্রেপ্তার করল শ্যামপুর থানার পুলিশ। ধৃতের নাম শুভদীপ দাস, বাড়ি শ্যামপুর থানার বড়দাবাড় এলাকায়। ধৃতকে ওইদিনই উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী তরুণী পুলিশকে জানিয়েছেন, ওই যুবকের সঙ্গে তাঁর ১০ বছর ধরে বন্ধুত্বের সম্পর্ক।
বছর তিনেক ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর অভিযোগ, শুভদীপ বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গত এক বছর ধরে তাঁর সঙ্গে সহবাস করেছে। বিয়ের কথা বললেও সে এড়িয়ে যেত। শেষমেশ শুভদীপ বিয়ে করতে অস্বীকার করে। এরপর গত নভেম্বর মাসে তরুণী শুভদীপের মাকে ফোনে বিষয়টি জানালে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তাঁর সঙ্গে ছেলের বিয়ে দেবেন না। দিনকয়েক আগে তরুণী জানতে পারেন, শুভদীপের সঙ্গে অন্য এক মহিলার বিয়ে স্থির হয়েছে। একথা জানার পর তিনি ফের যুবকের মাকে ফোন করলে তিনি গালিগালাজ করেন বলে অভিযোগ। অবশেষে ৬ ফেব্রুয়ারি তরুণী অভিযুক্ত যুবকের বিরুদ্ধে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সোমবার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।