নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার ডোমজুড়ে আয়োজন হল দু’দিনের ‘সেবাশ্রয়’ শিবিরের। সোমবার বাঁকড়া দোতলায় জুগনু অ্যাথলেটিক ক্লাবের মাঠে শিবিরের উদ্বোধন হয়। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে শিবির। স্ত্রী রোগ, জেনারেল মেডিসিন, হৃদরোগ, স্নায়ুর অসুখ, শিশু চিকিৎসা, হাড় ও নাক-কান-গলা-চোখের চিকিৎসা হচ্ছে। বিশেষজ্ঞরা চিকিৎসক নিখরচায় রোগী দেখছেন। রক্ত পরীক্ষা, থাইরয়েড, লিপিড প্রোফাইল, কেএফটি, সুগার টেস্ট ছাড়াও হচ্ছে এক্স-রে ও ইসিজি। প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে বিনামূল্যে। শিবিরের সূচনা করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ, গুলশান মল্লিক, জেলা পরিষদের সদস্য তুষারকান্তি ঘোষ, হাওড়া জেলা সদর তৃণমূলের যুব সভাপতি কৈলাশ মিশ্র এবং ডোমজুড় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরাজ মোল্লা। কল্যাণ ঘোষ বলেন, ‘এই উদ্যোগ ডোমজুড়েই সীমাবদ্ধ নয়। আশপাশের বিধানসভার বাসিন্দারাও এর সুবিধা পাবেন। চিকিৎসা পরিষেবা সর্বস্তরে পৌঁছে দিতেই এই আয়োজন।’ অরূপ রায় বলেন, ‘মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।’ নিজস্ব চিত্র



