নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের মানুষের পাশে থাকতে এদিনই নয়া কর্মসূচি ঘোষণা করেন তিনি। ডিসেম্বর এবং জানুয়ারি—টানা দু’মাস ধরে ডায়মন্ডহারবারে চলবে অভিষেকের ‘সেবাশ্রয়’ কর্মসূচি।
চলতি বছরের ২ জানুয়ারি থেকে ‘সেবাশ্রয়’ কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক। ৭৫ দিন ধরে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় এই কর্মসূচি আয়োজিত হয়েছিল। সেখানে সাধারণ মানুষের বিভিন্ন শারীরিক পরীক্ষা, ওষুধ ও চশমা প্রদান করা হয়। এবার ‘সেবাশ্রয়’ কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। এবারের কর্মসূচি শুরু হচ্ছে ডিসেম্বর মাসের ১ তারিখ। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহেশতলা, বজবজ, সাতগাছিয়া, ডায়মন্ডহারবার, মেটিয়াবুরুজ, বিষ্ণুপুর ও ফলতা বিধানসভা কেন্দ্রে সাতদিন করে স্বাস্থ্যপরীক্ষা শিবির হবে। মেগা ক্যাম্প হবে ২৪-৩০ জানুয়ারি। ডায়মন্ডহারবারের সাতটি বিধানসভায় একত্রিতভাবে। ‘সকলের সুস্বাস্থ্য, আমাদের অঙ্গীকার’—স্লোাগানকে সামনে রেখেই এই কর্মসূচি। অভিষেকের বক্তব্য, ‘মানবসেবার কর্তব্য শিরোধার্য করে স্বাস্থ্যের মৌলিক অধিকারকে নিশ্চিত করতে আমি সেবাশ্রয়ের উদ্যোগ গ্রহণ করেছিলাম। মানুষের বিশ্বাস, আস্থা ও ভরসার নির্ভরযোগ্য সেবাস্থল হয়ে উঠেছিল সেবাশ্রয়। কথা দিয়েছিলাম, আবারও সেবাশ্রয় ফিরবে। সেই মতো শুরু হচ্ছে সেবাশ্রয়-২।’ স্বাস্থ্য শিবিরগুলি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে।
এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কালীঘাটে তাঁর বাড়িতে এসেছিলেন তৃণমূলের অসংখ্য নেতা-কর্মী-সমর্থক। সামাজিক মাধ্যমেও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশাল সাইজের থ্রি ডি রঙ্গোলি এঁকে দলের সেনাপতিকে শুভেচ্ছা জানায় জগদ্দলের তৃণমূল কংগ্রেস। স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যামের উদ্যোগে ২০ হাজার বর্গফুট এলাকাজুড়ে ফুটে ওঠা এই থ্রি ডি রঙ্গোলি ‘গোল্ডেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ স্থান করে নিয়েছে বলে জানিয়েছেন বিধায়ক। শিল্পী শিখা শর্মা তৈরি করেছেন এটি। অভিনব উপায়ে অভিষেকের জন্মদিন পালন করেন আমতার বিধায়ক সুকান্ত পালও। অমরাগোড়ি বৃদ্ধাশ্রমের ২৫জন আবাসিকের সারাদিনের খাবারের ব্যবস্থা করেন তিনি।