নয়াদিল্লি: খাবারের বিলের উপর সার্ভিস চার্জ দেওয়ার বিষয়টি পুরোপুরি ক্রেতাদের মর্জির উপর নির্ভর করছে। এটা বাধ্যতামূলকভাবে চাপিয়ে দিতে পারবে না কোনও হোটেল কিংবা রেস্তরাঁ কর্তৃপক্ষ। বাধ্যতামূলক সার্ভিস চার্জ আদায় সংক্রান্ত এক মামলার শুনানিতে এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট। হোটেল ও রেস্তরাঁ সংগঠনের পিটিশন খারিজ করে দিয়েছে আদালত।
২০২২ সালে গাইডলাইন প্রকাশ করেছিল কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছিল, কোনও হোটেল বা রেস্তরাঁ ‘স্বয়ংক্রিয় বা নিয়মিতভাবে’ এই ধরনের সার্ভিস চার্জ ক্রেতার খাবারের বিলে যুক্ত করতে পারবে না। ওই গাইডলাইন চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে দু’টি মামলা রুজু হয়। শুক্রবারের শুনানিতে দুই সংগঠনের আবেদন খারিজ করেছে দিল্লি হাইকোর্ট।