নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অংশীদারিত্ব বিক্রি করে অর্থ ঘরে তুলতে চাইছে কেন্দ্র। সরকারের নজরে রয়েছে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া, ইউকো ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। এখন সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ায় ৮১.১৯ শতাংশ, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ৯২.৪৪ শতাংশ, ইউকো ব্যাংকে ৯০.৯৫ শতাংশ এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে ৯৩.৮৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে সরকারের। সূত্রের খবর, শেয়ারবাজারের নিয়ম মেনে ন্যূনতম ২৫ শতাংশ বিনিয়োগ নিশ্চিত করতে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিজেদের অংশীদারিত্ব কমিয়ে ৭৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। অফার ফর সেল (ওএফএস) প্রক্রিয়ায় শেয়ার বিক্রি করা হবে।



