নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রের ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন সার্থক করতে প্রতিটি রাজ্যের এগিয়ে আসা জরুরি। এদিকে পূর্ব ভারতের বিকাশের ক্ষেত্রে দেশবাসীর নজর সেই কলকাতা তথা বাংলার দিকেই। তাই বিকশিত বাংলা ছাড়া আদৌ সম্ভব নয় বিকশিত ভারত। রাজনৈতিক পালাবদলের পর এরাজ্যের অর্থনৈতিক চাকা ঘুরবে, এমনই আশা ব্যবসায়ীদের। তাঁদের কথায়, সরকার এবং বিনিয়োগকারীরা যদি একযোগে এগিয়ে আসেন, তাহলে বাংলার ভোল বদল সম্ভব। কীভাবে তৈরি হবে বাংলার উত্তরণের পথ? সেই উত্তর খুঁজতেই শহরে বসছে আলোচনাসভা। বেঙ্গল বিজনেস কাউন্সিলের বার্ষিক সম্মেলনে বিকশিত বাংলার আগামী অবস্থানকেই তুলে ধরা হবে। কাউন্সিলের চেয়ারম্যান অভিষেক আড্ডি বলেন, প্রায় ৫০ বছর পিছিয়ে থাকা বাংলাকে এগোতে হবে অতিদ্রুত গতিতে। তা সম্ভব শিল্পমহল, সরকারের শীর্ষস্তর এবং আমলাদের মধ্যে সমন্বয়ে। পাশাপাশি নতুন প্রজন্ম যতক্ষণ না ব্যবসামুখী হচ্ছে, ততক্ষণ শিল্পেও সর্বশক্তিমান হওয়া সম্ভব নয়।



