ভাস্কর বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ক’দিন আগেই গণেশ পুজোয় মেতে উঠেছিল মুম্বই। সেই রেশ কাটতে না কাটতেই আরও একবার উৎসবের আমেজ শহরজুড়ে। এবার শারদোৎসবে মেতে উঠতে চলেছে মুম্বইয়ের বাঙালি মহল থেকে স্থানীয় মারাঠিরা। এবছর থানেতে বেশ কয়েকটি পুজো কমিটি দুর্গোৎসবের আয়োজন করছে। যার মধ্যে অন্যতম ভান্ডারপাড়া ঘরবান্দার রোডের এমারেল্ড হিলসাইড বেঙ্গলি অ্যাসোসিয়েশন। এবার তাদের প্রথম বছর। তাতে কী? আড়ম্বর আর জৌলুসে এলাকার তাবড় পুজোকে তারা টেক্কা দিতে প্রস্তুত। মহিলা পরিচালিত এই পুজোর থিম ‘শিকড়ের খোঁজে’। কমিটির সভাপতি প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় জানালেন, মূল আকর্ষণ মণ্ডপসজ্জা। দর্শনার্থীদের জন্য অপেক্ষা করছে ২ হাজার ৪০০ বর্গফুটের সুবিশাল মণ্ডপ। গত একমাস ধরে দক্ষ শিল্পীদের তত্ত্বাবধানে গ্রামীণ চিত্রপটের আদলে তৈরি হয়েছে মণ্ডপসজ্জা। ১০ ফুটের সাবেকি প্রতিমাও সকলের নজর কাড়বে বলে দাবি পুজো কমিটির। পুজোর দিনগুলিতে বাংলা থেকে আসা ছ’জন মহিলা ঢাকির ছন্দে মেতে উঠবে মুম্বই। প্রিয়াঙ্কা আরও বলেন, এই উৎসবে যাতে নয়া প্রজন্ম আকৃষ্ট হয়, সেই লক্ষ্যে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে চলছে প্রচার। হাস্য-কৌতুক রসের মিশেলে ‘কার্তিক-লক্ষ্মী-সরস্বতীর কাহিনী’, ‘পুজো মানেই পেটপুজো’, ‘পুজো মানেই আড্ডা তক্কো এবং গল্প’ শিরোনামে চলছে পুজো সিরিজ।



