গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি, উদ্ধার ৩টি আগ্নেয়াস্ত্র সহ সাত রাউন্ড তাজা কার্তুজ, গ্রেপ্তার ১
  • ৯ অক্টোবর, ২০২৬ ১২:৩০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনিটি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জয়নগর থানার পুলিশ। ধৃতের নাম আব্দুল গফ্ফর মোল্লা। সব মিলিয়ে পুলিশের হাতে এসেছে তিনটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড তাজা কার্তুজ। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানার এসআই শান্তনু ব্যাধের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে পাওয়া নির্দিষ্ট খবরের ভিত্তিতে গুদামেরহাট থেকে চালতাবেড়িয়া যাওয়ার রাস্তায় অভিযান চালায়। সেখান থেকেই আটক করা হয় আব্দুল গফফর মোল্লাকে। তিনি দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত চালতাবেড়িয়া এলাকার দলুয়াখাকি মোল্লাপাড়ার বাসিন্দা। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে বারুইপুরের এসিজেএম আদালতে পেশ করা হলে আদালত তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পুলিশের দাবি, হেফাজতে থাকাকালীন ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ম্যাগাজিন-সহ একটি দেশি ৭ মিমি আগ্নেয়াস্ত্র, যার ম্যাগাজিনে তিন রাউন্ড তাজা কার্তুজ ছিল। পাশাপাশি উদ্ধার হয়েছে আরও একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা কার্তুজ। পুলিশের হিসাব অনুযায়ী, এই অভিযানে মোট তিনটি আগ্নেয়াস্ত্র এবং সাত রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল, সেগুলি কোনও অপরাধমূলক কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না এবং এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ। আগ্নেয়াস্ত্রের উৎস সন্ধানে তদন্ত চলছে।