নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় ধৃত দক্ষিণ কলকাতার এক যুবক। আজ শুক্রবার ভোর প্রায় ৪টে ৫ মিনিট নাগাদ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম বাপ্পা গুছাইত। দক্ষিণ কলকাতার গড়িয়া সাহা কালীবাড়ি এলাকার বাসিন্দা অভিযুক্ত। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে । এদিন তাঁকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় কলকাতা পুলিশের এক আধিকারিক জানান, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি অভিযুক্তের বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের দক্ষিণ কলকাতার কালিকাপুর এলাকার বাড়িতে হামলা চালায় এক দুষ্কৃতী। অভিযোগ বাড়ি লক্ষ্য করে একের পর এক মদের বোতল ছুড়ে মারা হয়। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন বিকাশবাবুর গৃহ সহায়িকা। এরপরে পুলিশের দ্বারস্থ হন তিনি। বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার এদিন সকালে গ্রেপ্তার করে তদন্তকারী দল।



