সংবাদদাতা, রামপুরহাট : শিক্ষার্থীদের মনের ভীতি দূর করতে এবং তাঁদের নতুন দিশা দেখাতে এক অভিনব উদ্যোগ নিল রামপুরহাট মহকুমা প্রশাসন। ‘ফ্রাইডে উইথ এসডিও’ নামক বিশেষ কর্মসূচির মাধ্যমে শুক্রবার রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের মুখোমুখি হন এসডিও অশ্বিন বি রাঠোর। উপস্থিত ছিলেন বিধায়ক ধ্রুব সাহা। খোলামেলা এই আলোচনায় শিক্ষা, কেরিয়ার এবং সামাজিক দায়বদ্ধতার মতো একাধিক বিষয়ে উঠে এল পথনির্দেশ। এসডিও বলেন, গত শুক্রবার থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। তরুণ প্রজন্মকে প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত করাতেই নিয়মিতভাবে এই ‘ফ্রাইডে উইথ এসডিও’ কর্মসূচি চালু থাকবে। কেবলমাত্র চার দেওয়ালের আলোচনাতেই সীমাবদ্ধ ছিল না কর্মসূচি। এসডিও এবং বিধায়কের উপস্থিতিতে শিক্ষার্থীদের মহকুমা অফিসের প্রতিটি সেকশন ঘুরিয়ে দেখানো হয়। সেখানে ডিএমডিসি থেকে শুরু করে অন্য প্রশাসনিক আধিকারিকরা কীভাবে দিনভর কাজ করেন, তা সরাসরি প্রত্যক্ষ করে পড়ুয়ারা। বিশেষত, সাধারণ মানুষের কোনো চিঠি বা অভিযোগ রিসিভ সেকশনে জমা পড়ার পর সেটি কীভাবে প্রক্রিয়া করা হয়, প্রথমে কোথায় যায় এবং শেষ পর্যন্ত কীভাবে এসডিওর টেবিলে এসে সিদ্ধান্ত নেওয়া হয়, পুরো বিষয়টি হাতে-কলমে ব্যাখ্যা করা হয় শিক্ষার্থীদের সামনে। এসডিও বলেন, এত আধিকারিককে যখন ছাত্ররা সরাসরি কাজ করতে দেখবে, তখন তাদের নিজেদের মনেও অনুপ্রেরণা জাগবে। তাঁরা নিজেরাও ভাববে, আমাকে পড়াশোনা করে সমাজের জন্য কিছু করতে হবে, বড়ো কোনো দায়িত্ব নিতে হবে। এতে তাঁদের ভয়ভীতি দূর হবে এবং আত্মবিশ্বাসও বাড়বে। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বিধায়ক ও এসডিও সিভিল সার্ভিস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ও ভবিষ্যৎ কেরিয়ার গঠন নিয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন। সাইবার নিরাপত্তা, মাদকমুক্ত সমাজ গঠন এবং ছাত্রজীবনের মানসিক চাপ সামলানোর উপায় নিয়েও হয় দীর্ঘ আলোচনা। বিধায়ক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশ ও সমাজের উন্নয়নে তরুণ প্রজন্মের চিন্তাভাবনাকে প্রাধান্য দিতে হবে। শিবিরে উপস্থিত এক ছাত্রের কথায়, এসডিও স্যার ও বিধায়কের সঙ্গে এভাবে সামনাসামনি বসে কথা বলতে পারব ভাবিনি। এই আলোচনা আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। • নিজস্ব চিত্র



