নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রায়গঞ্জ শহর লাগোয়া মহারাজা মোড় এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটার চালকের। মৃতের নাম মহম্মদ মনোয়ার (২৭)। একটি জেসিবিকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ঘটনাস্থলে।
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রায়গঞ্জ শহর লাগোয়া মহারাজা মোড় এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটার চালকের। মৃতের নাম মহম্মদ মনোয়ার (২৭)। একটি জেসিবিকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ঘটনাস্থলে।
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে মহারাজা মোড়ের কাছে মহারাজা ট্রাফিক নাকা পয়েন্ট এলাকায়, রাজ্য সড়কের উপর। স্থানীয় বাসিন্দা নিধু দাসের বক্তব্য, মহম্মদ মনোয়ার নামে ওই যুবক স্কুটার চালিয়ে বারদুয়ারির দিক থেকে মহারাজা মোড়ের দিকে যাচ্ছিলেন। সেসময় জেসিবিকে ওভারটেক করতে গিয়ে স্কুটারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মাঝ রাস্তায় জেসিবির চাকার তলায় পড়ে যায় ওই স্কুটার চালক। তখনই জেসিবির পিছনের চাকায় যুবকটি পিষ্ট হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পরে পুলিস যুবকের দেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের মর্গে নিয়ে যায়।
মৃত যুবকের বাড়ি কর্ণজোড়া পিরোজপুর এলাকায়। ঘটনার পর শোকে ভেঙে পড়েছেন যুবকের বাবা সেলিম মহম্মদ ও মা মঞ্জুরা খাতুন। পরিবার ও প্রতিবেশী সূত্রে খবর, মনোয়ার বাড়ির সামনে বাবার মুদির দোকান সামলাতেন।
রমজান মাস শেষ হতে চলেছে। সামনে খুশির ঈদ। তার জন্যই মহম্মদ মনোয়ার তাঁর এক বান্ধবীকে নতুন পোশাক দিতে যাচ্ছিলেন। তখনই মাঝ পথেই মর্মান্তিক ঘটনাটি ঘটে যায়। পুলিস সূত্রে খবর, মহারাজা হাট থেকে রামপুর পর্যন্ত রাজ্য সড়কটি যথেষ্ট দুর্ঘটনা প্রবণ। ওই এলাকায় আগেও পথ দুর্ঘটনা ঘটেছে। সে জন্য এলাকায় পুলিসি নজরদারিও রাখা হয়েছে। কিন্তু তারপরও বেপরোয়া বাইক চালানোর জন্য এই ঘটনা ঘটেছে।