সংবাদদাতা, কৃষ্ণনগর: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে সারা রাজ্যের পাশাপাশি নদীয়া জেলাতেও হচ্ছে ‘বিজ্ঞান অভিযান-২৬’। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার কৃষ্ণনগর দেবনাথ হাইস্কুলে অনুষ্ঠিত হয় জেলা পর্যায়ের সাংস্কৃতিক ও বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা। জেলার বিভিন্ন বিজ্ঞান কেন্দ্রে প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীরা এদিন জেলা পর্যায়ের আসরে অংশ নেয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় তিন শতাধিক পড়ুয়ার উপস্থিতিতে দিনভর মুখর হয়ে ওঠে স্কুল চত্বর।
গান, আবৃত্তি, বিজ্ঞানের খবর পাঠ, কুইজ, বিতর্ক, সায়েন্স মডেল, বসে আঁকো ও পোস্টার অঙ্কন-সহ একাধিক বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজ্ঞানকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, যুক্তিবাদী চিন্তাভাবনা এবং সৃজনশীলতা গড়ে তোলাই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রতিটি বিভাগেই পড়ুয়াদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দিনভর প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। জেলা পর্যায়ে বিভিন্ন বিভাগে প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীরা পরবর্তী পর্যায়ে রাজ্য স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাবেন।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নদীয়া জেলা সম্পাদক সোমনাথ মজুমদার বলেন, নদীয়াতেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজ্ঞান অভিযান-২৬ চলছে। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রায় তিনশোর বেশি ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেছে। -নিজস্ব চিত্র