Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাইবার প্রতারকদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে গ্রেপ্তার স্কুলছাত্র

সাইবার জালিয়াতদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে গ্রেপ্তার স্কুলছাত্র! সোমবার রাতে গার্ডেনরিচ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাঁশদ্রোণী থানার পুলিশ।

সাইবার প্রতারকদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে গ্রেপ্তার স্কুলছাত্র
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাইবার জালিয়াতদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে গ্রেপ্তার স্কুলছাত্র! সোমবার রাতে গার্ডেনরিচ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাঁশদ্রোণী থানার পুলিশ। স্থানীয় একটি স্কুলের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রের নাম মিরাজ কুমার। অভিযোগ, তার অ্যাকাউন্টে সাইবার প্রতারণার এক লক্ষ টাকা ঢুকেছিল। সেই টাকা সাইবার প্রতারকদের হাতে তুলে দিয়ে কমিশনও পেয়েছিল মিরাজ। এই তথ্য পাওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের শেষের দিকে সাইবার প্রতারণার ফাঁদে পড়ে সাড়ে চার লক্ষ টাকা খোয়ান বাঁশদ্রোণীর এক প্রবীণ বাসিন্দা। তদন্তে নেমে পুলিশ কিছু টাকা ‘ব্লক’ করতে সক্ষম হয়। জানা যায়, গার্ডেনরিচের জনৈক মিরাজের অ্যাকাউন্টে এক লক্ষ টাকা ঢুকেছে। সেই টাকা তুলেও নেওয়া হয়েছে। অভিযুক্ত ছাত্র পুলিশের কাছে দাবি করেছে, কিছুদিন আগে এক ব্যক্তি তাকে বলে, তার ব্যাংক অ্যকাউন্টে কিছু সমস্যা হয়েছে। তাই একজন জরুরি প্রয়োজনে টাকা পাঠাতে পারছে না। তাই মিরাজ তার অ্যাকাউন্টে সেই টাকা পাঠানোর অনুমতি দিলে ভালো হয়। সে রাজি হয়ে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দিতেই এক লক্ষ টাকা ঢুকে যায়। কমিশন বাবদ তাকে দেওয়া হয় পাঁচ হাজার টাকা। তবে তদন্তকারীরা জেনেছেন, ধৃত স্কুলছাত্র সব জেনেশুনেই অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছে জালিয়াতদের। তার অ্যাকাউন্টে মাঝেমধ্যেই টাকা আসছে। জালিয়াত চক্রের এক মাথার সঙ্গে তার যোগাযোগ। এমনকি সে নিজেও বিভিন্ন ব্যক্তিকে কমিশনের টোপ দিয়ে অ্যাকাউন্ট  ভাড়া নিচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ