Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুল শিক্ষামন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক, টাকা চেয়ে মেসেজ, তদন্তে পুলিশ

ফালাকাটার বিধায়ক তথা রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তাঁর পরিচিতদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করল সাইবার প্রতারকরা।

স্কুল শিক্ষামন্ত্রীর হোয়াটসঅ্যাপ  হ্যাক, টাকা চেয়ে মেসেজ, তদন্তে পুলিশ
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটার বিধায়ক তথা রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তাঁর পরিচিতদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করল সাইবার প্রতারকরা। শনিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

Advertisement

এদিন দুপুর ২.৩০টা নাগাদ মন্ত্রীর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাঁর পরিচিত বিভিন্ন ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের কাছে বার্তা পাঠানো শুরু হয়। বার্তায় শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে জরুরি ভিত্তিতে ২০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য চাওয়া হয়। মন্ত্রীর পরিচিতদের মধ্যে অনেকেই বার্তা পেয়ে সন্দেহ হওয়ায় সরাসরি তাঁকেই ফোন করেন। একই ধরনের বার্তা মন্ত্রীর বাড়ির মোবাইলে এলে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। 
দীপকবাবু গোটা বিষয়টি আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপারকে জানান। মন্ত্রী বলেন, ‘দুই থেকে তিন ঘণ্টা আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সাইবার অপরাধীদের নিয়ন্ত্রণে ছিল। পরবর্তীতে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়েছে। এখন সব ঠিকঠাক আছে।’ মন্ত্রী আরও দাবি করেছেন, প্রাথমিকভাবে তিনি যে খবর পেয়েছেন, তাতে দুই থেকে তিনজন প্রতারণার শিকার হয়েছেন। তাঁদের কাছ থেকে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। 
এদিকে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কারা এই সাইবার প্রতারণার সঙ্গে জড়িত এবং কীভাবে মন্ত্রীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হল, খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছে। কোনো ব্যক্তি পরিচিত কারও নাম বা নম্বর থেকে টাকা চাইলে তা পাঠানোর আগে অবশ্যই ফোন করে বা অন্য কোনো মাধ্যমে পরিচয় নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ