নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুক্রবার বিকেল। হাওড়া ময়দান ভিড়ে ঠাসা। ঠিক তখনই পড়ুয়া বোঝাই স্কুল বাস বেপরোয়া গতিতে এসে উঠে পড়ল ফুটপাতে। সজোরে ধাক্কা দেয় রাস্তার পাশে থাকা ল্যাম্পপোস্টে। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক মহিলা ফল বিক্রেতার। মৃতার নাম রেখা দেবী (৫২)। জখম হয়েছেন আরও দুই পথচারী। যদিও পড়ুয়াদের চোট লাগেনি। বাসটিকে আটক করে চালককে গ্রেপ্তার করেছে পুলিস।
এদিন স্কুল ছুটির পর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাস হাওড়া ময়দান থেকে ফাঁসিতলার দিকে যাচ্ছিল। মহাত্মা গান্ধী রোড থেকে বাঁদিকে ঘুরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতবেগে ফুটপাতের উপর উঠে পড়ে। বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ল্যাম্পপোস্ট। পাশেই বসে ফল বিক্রি করছিলেন রেখা দেবী। প্রত্যক্ষদর্শীরা বলেন, মুহূর্তের মধ্যে বাসের চাকার নীচে পড়ে পিষ্ট হয়ে যান ওই মহিলা হকার। স্থানীয়দের চিৎকারে ছুটে আসেন কর্তব্যরত ট্রাফিক পুলিস কর্মীরা। আসেন ডিসি ট্রাফিক সুজাতা কুমারী বীণাপাণি। বাসের ধাক্কায় জখম হন দু’জন পথচারী। পুলিস তিনজনকেই হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা রেখা দেবীকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে দুর্ঘটনার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসে থাকা পড়ুয়াদের মধ্যে। তাদের সুস্থ অবস্থায় বাস থেকে নামিয়ে অন্য একটি বাসে চাপিয়ে বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করে পুলিস। খবর দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষকে।
দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের একাংশ বলে, হাওড়া ময়দান চত্বরে দিন দিন ফুটপাতে হকারের সংখ্যা বেড়েই চলেছে। সব সময় বাস ও টোটোর ভিড় লেগে থাকে। এদিনের দুর্ঘটনায় আরও প্রাণহানি হতে পারত। ভিড়ের মধ্যে দ্রুতগতিতে বাস নিয়ে ঢুকে পড়ার ঘটনা এই নতুন নয়। নিজস্ব চিত্র