নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পড়ুয়া বোঝাই স্কুলবাসকে ধাক্কা মারল লরি। অল্পের জন্য প্রাণে বেঁচেছে পড়ুয়ারা। এক শিক্ষিকা সহ কয়েকজন ছাত্রছাত্রী অল্পবিস্তর জখম হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মাকড়দহে হাওড়া-আমতা রোডের চাঁপাতলায়। দুর্ঘটনার অভিঘাতে ভেঙে গিয়েছে গাড়ির কাচ। লরিটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি চালককে আটক করেছে ডোমজুড় থানার পুলিস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চাঁপাতলা মোড়ে দাঁড়িয়েছিল বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ওই বাসটি। সেখান থেকে কয়েকজন পড়ুয়ার বাসে ওঠার কথা ছিল। সেই সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা পিছন থেকে এসে স্কুলবাসে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের কথায়, লরির গতি কম থাকায় বাসটির বড়সড় ক্ষতি হয়নি। এই ঘটনায় বাসের বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে গিয়েছে। বাসের ভিতরেই ছিটকে পড়ে ছাত্রছাত্রীরা। কয়েকজনের মাথায় ও হাতে অল্পবিস্তর চোট লাগে। জখম হন ওই বাসে থাকা শিক্ষিকা মৌমিতা রায়। স্থানীয় বাসিন্দারা ও ট্রাফিকে কর্মরত পুলিস কর্মীরা এসে আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়। শিক্ষিকা মৌমিতাদেবী বলেন, ‘বরাত জোরে আমরা সবাই বেঁচে গিয়েছি। পথ নিরাপত্তায় গলদ রয়েছে’। চালক সহ লরিটিকে বাজেয়াপ্ত করেছে পুলিস। এই ঘটনার জেরে হাওড়া-আমতা রোডে বেশ কিছুক্ষণ যানজট হয়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ‘এই রাস্তায় ভারী গাড়ির সংখ্যা বেড়েছে। খানাখন্দের উপর দিয়েই বেপরোয়া গতিতে চলে যায় লরিগুলি। পুলিসের কোনও নজরদারি নেই’। হাওড়া সিটি পুলিসের এক কর্তা বলেন, ‘লরিটি ব্রেকফেল করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হাওড়া-আমতা রোডে ট্রাফিক সামলাতে সিভিক ভলান্টিয়ারের সংখ্যা বাড়ানো হবে।’ নিজস্ব চিত্র