Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সেচদপ্তরের জায়গায় বসবাসকারীদের সরে যাওয়ার নোটিস

সেচদপ্তরের জায়গায় বসবাসকারীদের সরে যাওয়ার নোটিস
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সেচদপ্তর তাদের কোচবিহার ডিভিশনের অধীনে থাকা বিভিন্ন নদী বাঁধ সংলগ্ন এলাকায় অবৈধভাবে জমি দখল করে বসবাসকারীদের অন্যত্র সরে যাওয়ার নোটিস দিতে শুরু করেছে। নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্টদের সেখান থেকে সরে যেতে হবে। না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই নোটিস দেওয়ার কাজ শুরু হতেই বিভিন্ন বাঁধ ও নদী সংলগ্ন এলাকায় বসবাসকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। 
Advertisement
সেচদপ্তর জানিয়েছে, জেলার বেশ কয়েকটি থানায় এখনও পর্যন্ত আটটি এফআইআর দায়ের হয়েছে। ওই সমস্ত এলাকায় মোট ৭৩৫টি পরিবার রয়েছে। তাদেরই নোটিস দেওয়ার কাজ শুরু হয়েছে। কোচবিহার শহর সংলগ্ন তোর্সার বাঁধের উপরে প্রচুর বাসিন্দা রয়েছেন। বাঁধের উপরে অনেক দোকানও রয়েছে। এছাড়াও গুড়িয়াহাটি-লঙ্কাবর এলাকা, রায়ডাকের উপর তুফানগঞ্জ টাউন প্রটেকশন, গদাধরের কিছু জায়গা, মাথাভাঙায় নদীর জায়গায় প্রচুর জবরদখল রয়েছে। সেই জায়গাগুলিকে খালি করাই সেচদপ্তরের লক্ষ্য। নির্দিষ্ট থানায় অভিযোগ দায়ের করার পর এবার তারা নোটিস দিতে শুরু করেছে।
সেচদপ্তরের কোচবিহার ডিভিশনের সুপারিনন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার অসীম চৌধুরী বলেন, নদী বাঁধ ও সংলগ্ন এলাকায় বসবাসকারীদের নোটিস দেওয়ার কাজ শুরু হয়েছে। আগে নির্দিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সরে যাওয়ার জন্য তাঁদেরকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। এরপর প্রশাসনের সঙ্গে কথা বলেই সবকিছু হবে। কোচবিহারের মহকুমা শাসক কুণাল বন্দ্যোপাধ্যায় বলেন, যদি নিজে থেকে সরে যায় তাহলে তো খুবই ভালো। না সরলে সেচদপ্তরের তরফেই ব্যবস্থা করতে হবে। তখন সহায়তা চাওয়া হলে অবশ্যই সহযোগিতা করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ