নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরসভার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির কোথায় কত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রয়েছে, সেগুলি মেয়াদ কতদিন, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তা স্বাস্থ্যকেন্দ্র থেকে নিয়মিত সরিয়ে ফেলা হচ্ছে কি না—এসব বিষয়ে নজরদারি আরও কড়া করল কলকাতা পুরসভা। মাঝেমধ্যেই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ‘সারপ্রাইজ ভিজিট’ হবে বলে ঠিক হয়েছে। সেই অভিযানে ওষুধের ভাণ্ডার খতিয়ে দেখা হবে। এই কাজের জন্য পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক একটি টিম তৈরি করবেন। স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখার পর সেই কমিটি প্রতি মাসে রিপোর্ট পেশ করবে। যাবতীয় কাজ সুষ্ঠুভাবে করতে একটি এসওপি তৈরি করতে বলা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন পুর কমিশনার ধবল জৈন। সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্যালাইন-কাণ্ড নিয়ে কম বিতর্ক হয়নি। কলকাতা পুরসভার আওতাধীন বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ওষুধপত্র কিংবা অন্যান্য চিকিৎসা সরঞ্জাম নিয়ে যেন এমন কোনও সমস্যা বা অভিযোগ না আসে, সেটাই কর্তৃপক্ষ নিশ্চিত করতে চাইছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Advertisement
নির্দেশিকা জারির পাঁচদিনের মধ্যে ধারাবাহিকভাবে কাজগুলি শুরু করে দেওয়ার জন্য একটি এসওপি তৈরি করতে বলা হয়েছে। ওষুধগুলি খতিয়ে দেখে নিশ্চিত হওয়ার জন্য একজন এগজিকিউটিভ হেলথ অফিসারকে দায়িত্ব দিতে বলা হয়েছে। এক স্বাস্থ্যকর্তা বলেন, ‘আমাদের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সেগুলি লাগাতার অনুসরণ করা হয়। কোন ওষুধ আসছে, প্রতিদিন কত ওষুধ খরচ হচ্ছে, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত সেই নথি থকছে কি না, এসব তথ্য নিয়মিত আপডেট করা হয়। কোনও ওষুধের মেয়াদ উত্তীর্ণ হলে অগ্রাধিকারের ভিত্তিতে তা সরিয়ে রাখা নির্দেশ রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ভেজাল ওষুধ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে পুরসভা নিজস্ব স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ওষুধ সহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামের উপর নজরদারি কড়া করছে।’



