Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাবর্ণদের বার্ষিক প্রদর্শনী ঘিরে আগ্রহ ইতিহাস প্রেমীদের

সাবর্ণদের বার্ষিক প্রদর্শনী ঘিরে আগ্রহ ইতিহাস প্রেমীদের
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের পশ্চিমে বড়িশায় শুরু হয়েছে সাবর্ণ পরিবারের বার্ষিক প্রদর্শনী। সেই আন্তর্জাতিক ইতিহাস উৎসব এবছর ১৯ বছরে পড়ল। আয়োজনকারীদের দাবি, এবার প্রদর্শনীতে সবচেয়ে বেশি নজর কেড়েছেন গওহরজান। এই কিংবদন্তী শিল্পীকে ঘিরে যে মিথ রয়েছে, তাকে ঘিরেই দর্শকদের আগ্রহ তুঙ্গে, দাবি করেছেন পরিবারের সদস্যরা।
Advertisement
বড়িশায় সাবর্ণদের ‘বড়বাড়ি’তে সারা বছরই খোলা থাকে মিউজিয়াম বা সংগ্রহশালা। কিন্তু বছরের একটি সময় কিছু নতুন বিষয়কে সামনে রেখে ইতিহাসের চর্চা ও প্রদর্শনী হয়। সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত ওই ইতিহাস উৎসবে এবারের থিম কান্ট্রি জার্মানি। ভারতের সঙ্গে হিটলারের সম্পর্ক তুলে ধরা হয়েছে এবার। পরিষদ সদস্য দেবর্ষি রায় চৌধুরী বলেন, এই বিষয়ে যথেষ্ট সহযোগিতা করা হয়েছে জার্মান কনস্যুলেট থেকে। পাশাপাশি নিউ আলিপুর কলেজ ও বেহালা কলেজের ছাত্রছাত্রীরা প্রদর্শনীটি চালিয়ে যেতে সহায়তা করেছেন।
কিংবদন্তী শিল্পী গওহরজানকে এশিয়ার প্রথম সুপারস্টার বলেন অনেকেই। তাঁকে নিয়ে চর্চা ও মিথের অন্ত নেই। ধ্রুপদী নাচ ও গানের এই শিল্পী যখন ‘পারফর্ম’ করতেন, তখন তাঁর কাছাকাছি থাকত একটি ছোট্ট টেবিল। তার একটি ড্রয়ারে রাখা থাকত ছোরা। জনপ্রিয়তার সুযোগ নিয়ে কোনও আক্রমণের আশঙ্কায় তিনি আত্মরক্ষার তাগিদে সেই ছোরা সঙ্গে রাখতেন। ছোরাটির খোঁজ নেই ঠিকই, তবে ড্রয়ারওয়ালা টেবিলটি এবার সবচেয়ে বেশি করে নজর কেড়েছে এই উৎসবে। দেবর্ষিবাবুর কথায়, এহেন শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে এগিয়ে এসেছিল একাধিক দেশও। সেই সময় বিনোদন দুনিয়ার তারকাদের ছবি দিয়ে তৈরি হতো দেশলাই বাক্স। সুইডেন, চেকোশ্লোভাকিয়া, বেলজিয়াম, অস্ট্রিয়ার মতো দেশ গওহরজানের ছবির দেশলাই বাক্স বাজারে এনেছিল। আমরা এবারের ইতিহাস উৎসবে তুলে ধরেছি সেইসব বাক্স। সঙ্গে আছে ১৮৯০ থেকে ১৯৩০ সাল পর্যন্ত সময়ে দেশলাই বাক্সের প্রদর্শনী, যেখানে আছে তারকাদের ছবি। সেসব দেশলাই আমদানি করত টাটা সন্স, অ্যান্ড্রু ইউল, এম ও পুনাওয়ালার মতো সংস্থা। এছাড়াও প্রদর্শনীতে অন্যতম আকর্ষণ অতি প্রাচীনকালের গয়না। খ্রিস্টপূর্ব চার হাজার বছর আগের হরপ্পার শাঁখের গয়না থেকে শুরু করে নর্মদা সভ্যতার টেরাকোটার গয়না, ওড়িশার কুনুয়ার ‘লস্ট ওয়াক্স’ প্রসেসে তৈরি চুড়ি, চন্দ্রকেতুগড়ের চুলের পিন, গুজরাতের দু’হাজার বছরের পুরনো রত্নালঙ্কার, কৃষ্ণা অববাহিকায় তৈরি হওয়া সভ্যতার গয়না হয়ে দেড় থেকে দু’হাজার বছরের পুরনো ঝিনুক, মাছের কাঁটা, ইয়াকের হাড়, উটের হাড়ের গয়না রয়েছে প্রদর্শনীতে। এবারের উৎসবে হাজির করা হয়েছে অতি প্রাচীন দোয়াত, কালি ও কলমের প্রদর্শনী, যার মধ্যে আছে বিদেশি সম্ভার। আছে বেশ কিছু সোনার পেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৯০তম জন্মবার্ষিকী ও চুনী গোস্বামীকে নিয়ে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। 
Advertisement
সম্পর্কিত সংবাদ