আমির খানের ছবি মানেই নতুন কিছুর প্রত্যাশা করেন দর্শক। অভিনয় হোক বা প্রযোজনা— ব্যতিক্রমী প্রজেক্ট তৈরি করাই আমিরের সিগনেচার। কিন্তু কেরিয়ারে এখনও পর্যন্ত স্বপ্নের ছবি তিনি তৈরি করতে পারেননি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন ভবিষ্যতে মহাভারতের উপর কাজ করতে চান। সেটিই নাকি অভিনেতার স্বপ্নের প্রজেক্ট। তাঁর কথায়, ‘আমি আরও বেশি করে প্রযোজনায় মন দিতে চাই। তরুণ প্রতিভাদের সুযোগ দেব। অভিনেতা হিসেবে হয়তো ২-৩ বছরে একটি ছবি করলাম, কিন্তু প্রযোজক হিসেবে প্রতি বছর একটি করে ছবি করব। মহাভারত নিয়ে কাজ করতে চাই। ওটা আমার স্বপ্নের প্রজেক্ট।’ ২০২৪ আমিরের জন্য অত্যন্ত স্পেশাল। তাঁর প্রযোজনার ছবি ‘লাপাতা লেডিস’ সর্বস্তরে প্রশংসিত হওয়ার পর শামিল হয়েছে অস্কারের দৌড়ে। আমির জানিয়েছেন, পুরস্কার নিয়ে তিনি আলাদা করে ভাবেন না। কিন্তু সত্যিই যদি অস্কারে পুরস্কার পায় এই ছবি, তা গোটা দেশের জন্যই সম্মানের হবে। ‘লাল সিং চাড্ডা’র পর অভিনয় জীবন থেকে বিরতি নিয়েছিলেন অভিনেতা। রটেছিল তাঁর অবসর নেওয়ার কথাও। এসবও ফুৎকারে উড়িয়ে দিয়েছেন আমির খান। স্বমহিমায় অভিনয়ে ফিরছেন তিনি। সৌজন্যে ‘সিতারে জমিন পার’। সদ্য এই ছবির শ্যুটিং শেষ হল। শীঘ্রই শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ। ২০২৫ সালের মাঝামাঝি মুক্তি পাবে সিনেমাটি। আমির ছাড়াও এই সিনেমায় দেখা যাবে জেনেলিয়া দেশমুখ, দর্শিল সাফারির অভিনয়।



