নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, নাগরাকাটা: সেভকের করোনেশন সেতু থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক বধূর। বুধবার সন্ধ্যাবেলার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিম্পং জেলার মংপং ফাঁড়ির পুলিস। মৃতার নাম শম্পা গুপ্তা (২৭)। তাঁর বাড়ি জলপাইগুড়ি জেলার আমবাড়ি থানা এলাকায়। যদিও তিনি স্বামী ও সন্তানকে নিয়ে শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডে ভাড়াবাড়িতে থাকতেন। সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ দেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায় পুলিস।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শম্পার স্বামী প্রতিদিন মদ্যপান করতেন। সেই কারণে দুজনের মধ্যে বচসা, গণ্ডগোল লেগেই থাকত। পরিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদেও ভুগছিলেন শম্পা। এই কারণেই কি আত্মহত্যার পথ বেছে নেন বধূ? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস। বৃহস্পতিবার কালিম্পং জেলা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত শেষে মৃতার পরিজনকে দেহ তুলে দেওয়া হয়েছে। ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলার দুলাল দত্ত বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে বিবাদের ফলে এমন ঘটনা ঘটে থাকতে পারে। পুলিস নিশ্চয়ই ঘটনার তদন্ত করে দেখবে। এর আগেও বেশ কয়েকবার করোনেশন ব্রিজ থেকে তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছিল।



