সংবাদদাতা, উলুবেড়িয়া: সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে রবিবার একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে হাওড়া গ্রামীণ জেলা পুলিস। এদিন পাঁচলা নেতাজি সঙ্ঘের মাঠে এই ক্রিকেট ম্যাচে হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার একাদশের মুখোমুখি হয় উলুবেড়িয়া প্রেস ক্লাব একাদশ। পুলিস সুপার একাদশের হয়ে মাঠে নামেন হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার সুবিমল পাল, অতিরিক্ত পুলিস সুপার জন অ্যালেন জর্জ সহ একাধিক পুলিস আধিকারিক। ম্যাচে জিতে যায় হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার একাদশই। খেলার শেষে দুই দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। খেলা শেষে পুলিস সুপার সুবিমল পাল বলেন, এইরকম খেলা হলে পুলিস ও সাংবাদিকদের মধ্যে দূরত্ব অনেকটাই কমে যায়। একে অপরকে আমরা বুঝতে শিখি। তিনি বলেন, মাঠ এবং খেলার বিকল্প কিছু হয় না। মঠে নামলে সব কিছু ভুলে থাকা যায়। সেই কারণে সবাইকে মাঠে আসতে হবে। আগামী দিনেও পুলিস ও সাংবাদিকদের মধ্যে এইরকম আরও খেলার আয়োজন করা হবে।



