নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ‘মণীশ শুক্লাকে খুন করেছি, অজয় মণ্ডলের গাড়িতে গুলি চালিয়েছি। ৫০ লক্ষ টাকা রেডি রাখুন, না হলে ছেলেকে মেরে দেব।’ সুবোধ সিংয়ের নামে এভাবেই ইছাপুরের এক টাইলস ব্যবসায়ীকে ফোন করা হয়। ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করল বাসুদেবপুর থানার পুলিস। প্রথমে গ্রেপ্তার করা হয় স্মরজিৎ বিশ্বাসকে। তাকে জেরা করে আরও দু’জনকে পাকড়াও করা হয়। তারা হল অশোক ভর ও অভিষেক সরকার। দু’জনেই নোয়াপাড়া থানার অস্ত্র আইনে বর্তমানে জেলে। তাদের সোমবার সাত দিনের পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে বলে বারাকপুরের এসিজেএম কোর্টের সরকারি আইনজীবী যদুনাথ ঘোষ জানিয়েছেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ইছাপুরের ব্যবসায়ী কান্তিরঞ্জন সরকারের কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর একটি টাইলসের শোরুম রয়েছে। ১৯ ফেব্রুয়ারি তাঁর মোবাইলে হুমকি ফোন আসে। তিনি বিষয়টি বাসুদেবপুর থানায় জানান। ফের ২৪ ফেব্রুয়ারি বেলা তিনটে নাগাদ হিন্দিতে ফোন করে তাঁকে ভয় দেখানো হয়। ছেলেকে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপরই তদন্তে নামে পুলিস। ফোন নম্বর ট্র্যাক করে পুলিস জানতে পারে, হুমকি ফোনের পিছনে বিহারের গ্যাংস্টার সুবোধ সিং নেই। স্থানীয় কোনও গ্যাং তোলাবাজির জন্য এই কাজ করছে। এরপর তদন্তকারী অফিসাররা মোহনপুরের বাবনপুর এলাকা থেকে সাধু তথা স্মরজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে আরও দু’জনের সম্পর্কে জানতে পারে পুলিস। তাদের হেফাজতে নিয়ে গ্যাংয়ের বাকি সদস্যদের গ্রেপ্তার করা হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।



