Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সিঙ্গাপুর ওপেন খেতাব জিতলেন সাত্ত্বিক-চিরাগ

প্রত্যাবর্তন একেই বলে! সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের ডাবলস ফাইনালে পিছিয়ে পড়েও বাজিমাত সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির।

সিঙ্গাপুর ওপেন খেতাব জিতলেন সাত্ত্বিক-চিরাগ
  • ১ জুন, ২০২৬ ০৪:০০

সিঙ্গাপুর: প্রত্যাবর্তন একেই বলে! সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের ডাবলস ফাইনালে পিছিয়ে পড়েও বাজিমাত সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টির। রবিবার ইন্দোনেশিয়ার মহম্মদ ফিকরি ও ফজর আলফিয়ানকে ১৮-২১, ২১-১৭, ২১-১৬ গেমে বশ মানাল ভারতীয় জুটি। আক্রমণাত্মক মেজাজে পুরনো ঝলক ফিরল সাত্ত্বিকদের র‌্যাকেটে। সেই সঙ্গে কাটল প্রায় দু’বছরের খেতাব খরা। একের পর এক কঠিন বাধা টপকে সিঙ্গাপুর ওপেনে ট্রফি জয়ের পর আবেগাপ্লুত দু’জনেই। ম্যাচ পয়েন্ট নিশ্চিত হতেই কোর্টে  নাচতে শুরু করে দেন সাত্ত্বিক ও চিরাগ। ম্যাচের পর সাত্ত্বিকসাইরাজের মন্তব্য, ‘অবিশ্বাস্য অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তবে কঠিন সময় পেরিয়ে সাফল্য পাওয়া মোটেও সহজ ছিল না। আমাদের পরিশ্রম আজ সার্থক।’ এদিন চাপের মুখে ভারতীয় জুটির স্ম্যাশ ও ক্রস কোর্ট শটে দিশাহারা দেখায় ইন্দোনেশিয়ান জুটিকে।

Advertisement

সিঙ্গাপুর ওপেনে টুর্নামেন্টের সিঙ্গলসে আগেই বিদায় নিয়েছিলেন ভারতের দুই তারকা শাটলার পিভি সিন্ধু ও লক্ষ্য সেন। শেষ আটেই থামে তাঁদের অভিযান। অন্যদিকে, মিক্সড ডাবলসের সেমি-ফাইনালে পরাস্ত হন ভারতের ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্তো। তারই মধ্যে ডাবলসে খেতাব জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন সাত্ত্বিক-চিরাগ জুটি। পুরুষদের ডাবলস সেমি-ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন তথা র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা কোরিয়ার কিম ওন হু ও সিও সিয়ুং জি জুটিকে ৫২ মিনিটে উড়িয়ে ফাইনালে পৌঁছান তাঁরা। অনেকের মতে ২১-১৯, ২১-১৮ পয়েন্টে জয়ই ফাইনালের আগে টনিকের কাজ করে। খেতাবি যুদ্ধে সাত্ত্বিকদের লড়াইয়ে মুগ্ধ বিশেষজ্ঞরা। সবচেয়ে বড় কথা, এশিয়ান গেমসের আগে সিঙ্গাপুর ওপেন জয় ভারতীয় শাটলার জুটির আত্মবিশ্বাস বাড়াবে অনেকটাই।

সম্পর্কিত সংবাদ