Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সল্ট, পাটীদার ও বিরাটের অর্ধশতরান, ওয়াংখেড়েতে রোহিতদের ১৮ রানে হারাল বেঙ্গালুরু

রোহিত বনাম বিরাট! এভাবেই চিহ্নিত হচ্ছিল আরব সাগরের পাড়ের মোকাবিলা। আর সেই দ্বৈরথে মুম্বই ইন্ডিয়ান্সকে টেক্কা দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

সল্ট, পাটীদার ও বিরাটের অর্ধশতরান, ওয়াংখেড়েতে রোহিতদের ১৮ রানে হারাল বেঙ্গালুরু
  • ১৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: রোহিত বনাম বিরাট! এভাবেই চিহ্নিত হচ্ছিল আরব সাগরের পাড়ের মোকাবিলা। আর সেই দ্বৈরথে মুম্বই ইন্ডিয়ান্সকে টেক্কা দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাটরা জিতলেন ১৮ রানে। প্রথমে ব্যাট করে আরসিবি চার উইকেটে তোলে ২৪০। জবাবে এমআই পাঁচ উইকেট হারিয়ে থামে ২২২ রানে। এই জয়ের সুবাদে চার ম্যাচে বেঙ্গালুরুর পয়েন্ট হল ৬। পয়েন্ট তালিকায় তিনে উঠে এল তারা। অন্যদিকে, সমসংখ্যক ম্যাচে মুম্বই আটকে থাকল ২ পয়েন্টেই।

Advertisement

ম্যাচের প্রথম ওভারেই ট্রেন্ট বোল্টকে ছক্কা মেরে শুরু করেছিলেন বিরাট। তবে এদিনের ৩৮ বলের ইনিংস তাঁর সেরাদের তালিকায় থাকবে না। ভিকে (৫০) মারেন পাঁচটি চার ও একটি ছক্কা। তবে কোটিপতি লিগে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ব্যাটার হিসেবে হাজার রান পূর্ণ করেন তিনি। গতবারের চ্যাম্পিয়নদের হয়ে সর্বাধিক ৭৮ করেন ফিল সল্ট। তাঁর ৩৬ বলের ইনিংসে রয়েছে ছয়টি ছক্কা ও ছয়টি চার। চলতি আসরে এটাই তাঁর প্রথম পঞ্চাশ, যা আসে ২৫ বলে। হাফ-সেঞ্চুরির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন সল্ট। তিনে নামা আরসিবি ক্যাপ্টেন রজত পাটীদার (৫৩) শুরুই করেন প্রথম বলে চার মেরে। লেগস্পিনার মারকান্ডেকে ১২তম ওভারে চারের হ্যাটট্রিকের পর ছক্কাও হাঁকান তিনি। ২০ বলে পাঁচটি ছক্কা ও চারটি চার আসে তাঁর ব্যাটে। পঞ্চাশে পৌঁছাতে নেন মাত্র ১৭ বল। এটাই আইপিএলে তাঁর দ্রুততম অর্ধশতরান।
১৩ ওভারে আরসিবি’র স্কোর ছিল ১৬৭। ১৬ ওভারে পাটীদার ফেরার সময় সেটাই ছিল ১৯৪-৩। সেখান থেকে তাদেরকে আড়াইশোর কাছাকাছি পৌঁছে দেন টিম ডেভিড (অপরাজিত ৩৫)। ১৬ বলে দু’টি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। মুম্বইয়ের হয়ে একটি করে উইকেট পান শার্দূল (১-৩২), হার্দিক পান্ডিয়া (১-৩৯), মিচেল স্যান্টনার (১-৪৩), ট্রেন্ট বোল্ট (১-৫০)। যশপ্রীত বুমরাহ (০-৩৬) কোনও উইকেট পাননি। তবে কুড়ি ওভার করতে প্রায় দু’ ঘণ্টা সময় নেয় মুম্বই। ফলে শাস্তির আশঙ্কা রয়েছে।
রান তাড়ার শুরুটা খারাপ হয়নি মুম্বইয়ের। প্রথম উইকেটে রায়ান রিকেলটন ও রোহিত শর্মা যোগ করেন ৫৭। কিন্তু ডান হ্যামস্ট্রিংয়ে সমস্যার জন্য রিটায়ার্ড হার্ট হন হিটম্যান (১৩ বলে ১৯)। রোহিত আর নামেননি। অষ্টম ওভারে রিকেলটনের (২২ বলে ৩৭) সঙ্গে তিলক ভার্মাকে (১) ফেরান সুয়াশ শর্মা। সেটাই টার্নিং পয়েন্ট। শেরফানে রাদারফোর্ড (৩১ বলে অপরাজিত ৭১), ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (২২ বলে ৪০), সূর্যকুমার যাদবরা (২২ বলে ৩৩) মরিয়া চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। আরসিবি’র হয়ে উইকেট নেন সুয়াশ (২-৪৭), রসিখ সালাম (১-২৩), ক্রুণাল পান্ডিয়া (১-২৬), ডাফি (১-৫৮)। গোড়ালিতে সমস্যার জন্য বিরাট অবশ্য ফিল্ডিংয়ে নামেননি। তবে আরসিবি ক্যাপ্টেন আশ্বস্ত করেন, কোহলিকে নিয়ে চিন্তার কিছু নেই।

সম্পর্কিত সংবাদ