Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

খোঁড়ার পর হয়নি মেরামত, বিপজ্জনক অবস্থা সল্টলেকের খালপাড়ের রাস্তার

সল্টলেকে বেহাল রাস্তা নতুন কোনো ছবি নয়। এলাকার বাসিন্দাদের কাছে এই দুর্ভোগের দৃশ্য পরিচিত।

খোঁড়ার পর হয়নি মেরামত, বিপজ্জনক অবস্থা সল্টলেকের খালপাড়ের রাস্তার
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকে বেহাল রাস্তা নতুন কোনো ছবি নয়। এলাকার বাসিন্দাদের কাছে এই দুর্ভোগের দৃশ্য পরিচিত। কিন্তু শুধু অবহেলায় ভেঙে যাওয়া নয়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাইপ লাইনের কাজের জন্য সল্টলেকে নির্মীয়মাণ নলবন মেট্রো স্টেশন থেকে চিংড়িঘাটাগামী খালপাড়ের কংক্রিটের রাস্তার একাধিক জায়গা খোঁড়া হয়েছিল। কিন্তু কাজ শেষ হয়ে গেলেও ঢালাইয়ের কাজ করা হয়নি। ফলে খালপাড়ের কংক্রিটের রাস্তা এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে। বাইক চালকদের ক্ষেত্রে তা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে? একটু অসতর্ক হলে দুর্ঘটনার শিকার হতে হবে। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তা সংস্কার করা হোক।

Advertisement

সল্টলেক শহরের একাধিক জায়গায় রাস্তার অবস্থা বেহাল। রাজ্যে পালাবদলের পর রাস্তা সংস্কারের দাবি তুলেছিলেন বাসিন্দারা। কাজ শুরু করেছে বিধাননগর পুরসভা। অনেক রাস্তার সংস্কার হয়ে গিয়েছে। এখনও বেশ কিছু রাস্তার কাজ বাকি। বৃষ্টির জেরে বেহাল রাস্তা আরও খারাপ হচ্ছে পড়ছে। সল্টলেকের এই খালপাড়ের রাস্তা অফিস টাইমে ব্যস্ত থাকে। বিশেষ করে সন্ধ্যার সময় প্রচুর গাড়ি ও বাইক নিউটাউন, সেক্টর ফাইভের দিক থেকে চিংড়িঘাটার দিকে যায়। সল্টলেক বাইপাসের যানজট এড়ানোর জন্য হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন। কিন্তু খোঁড়াখুঁড়ির জেরে রাস্তা খারাপ হওয়ায় বিপদ বাড়ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কয়েকমাস আগেই কাজ হয়েছে। তিন-চারটি পয়েন্টে বিস্তীর্ণ অংশ খোঁড়া হয়েছিল। কাজ শেষ হয়ে গিয়েছে মাস দেড়েক আগে। কিন্তু সেই খোঁড়া জায়গা এখনও ঢালাই করা হয়নি। সামান্য ইট, পাথর দিয়ে সোলিং করা হয়েছে। তাতে গর্ত ভরাট হয়নি। উল্টে কংক্রিটের মসৃণ রাস্তার মাঝখানে হঠাৎ গর্ত-ইট-পাথরের জেরে সমস্যা বাড়ছে। বৃষ্টি হলে এই খালপাড়ের রাস্তাতে এখন জল জমছে। সেই সময় আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে রাস্তাটি। কারণ জলের তলায় থাকা রাস্তার হাল বোঝা যায় না। তাই দ্রুত কংক্রিটের ঢালাই করার দাবি উঠেছে । প্রশাসনের দাবি, বিষয়টি নিয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ