‘ভুলটা আমার তরফেই হয়েছিল’। অকপটে স্বীকার করলেন অভিনেতা সলমন খান। অরিজিৎ সিংয়ের সঙ্গে সলমন খানের মনোমালিন্য ইন্ডাস্ট্রির কারও অজানা নয়। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দু’জনের মধ্যে যাবতীয় ঝামেলার সূত্রপাত। সেদিন সঞ্চালকের দায়িত্বে ছিলেন সলমন ও রীতেশ দেশমুখ। অরিজিৎ ক্যাজুয়াল পোশাকে মঞ্চে ওঠেন। সেটা তাঁর কেরিয়ারের গোড়ার দিক। ভাইজান মজা করেই প্রশ্ন করেছিলেন, ‘আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন?’ জবাবে অরিজিৎ বলেন, ‘আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।’ অরিজিতের এমন জবাবে অসন্তুষ্ট হন সলমন। তাঁর একের পর এক ছবি থেকে বাদ পড়ে অরিজিতের গান। পরে অরিজিৎ প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন সলমনের কাছে। তখনও বরফ গলেনি। তবে ২০২৩ সালে ভুল বোঝাবুঝির ইতি হয়। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন অরিজিৎ। তারপর ‘টাইগার ৩’ ছবিতে একটি গানও গেয়েছিলেন শিল্পী। যদিও অরিজিতের সঙ্গে ঝামেলা নিয়ে তখন মুখ খোলেননি সলমন। এবার খুললেন। ‘বিগ বস’-এর মঞ্চে সলমন অকপটে বললেন, ‘অরিজিৎ আর আমি খুব ভালো বন্ধু। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা অবশ্য আমার দিক থেকেই।’ সলমন নিশ্চিত করেছেন, তাঁর পরের ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ ছবিতে গান গাইবেন অরিজিৎ।



