মুম্বই: ন’কোটি টাকার চেক বাউন্স মামলায় তিহার জেলে আত্মসমর্পণ করেছেন অভিনেতা রাজপাল যাদব। এবার তাঁর পাশে দাঁড়াতে এগিয়ে এলেন সলমন খান, অজয় দেবগনের মতো বলিউড তারকারা। রাজপালের ম্যানেজার গোল্ডি জানিয়েছেন, পরিচালক ডেভিড ধাওয়ান ও ছেলে বরুণ ধাওয়ানও অভিনেতাকে আর্থিক সাহায্য করতে চেয়ে যোগাযোগ করেছেন। এর আগে অভিনেতা সোনু সুদ, গুরমিত চৌধুরী, জনশক্তি জনতা দলের জাতীয় সভাপতি তেজপ্রতাপ যাদবও রাজপালের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। জেমটিউনস মিউজিকের মালিক তথা মিউজিক প্রোডিউসার রাও ইন্দ্রজিৎ সিং যাদব ১ কোটি ১০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গোল্ডি বলেন, ‘বহু মানুষ রাজপাল যাদবকে সাহায্যের জন্য এগিয়ে আসছেন। সলমন খান, অজয় দেবগন, সোনু সুদের মতো তারকারা পাশে থাকার বার্তা দিয়েছেন। ডেভিড ধাওয়ান, রতন নয়ন, বরুণ ধাওয়ানরাও যোগাযোগ করেছেন। বিপদের সময়ে পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রাজপাল।’



