নাগোয়া: সালিমা তেতের নেতৃত্বে এশিয়ান গেমসে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে ভারতীয় মহিলা হকি দল। একের পর এক ম্যাচে বড়ো ব্যাবধানে জয়ের ছন্দ বজায় রেখে রবিবার সিঙ্গাপুরকেও হেলায় হারাল তারা। প্রতিপক্ষকে ৭-০ গোলে উড়িয়ে দিল প্রমীলা বাহিনী। শেষ চারের টিকিট আগেই পাকা করে ফেলেছিলেন দীপিকারা। এদিনের জয়ের পর শীর্ষস্থানও বজায় রাখল ভারত। জোড়া লক্ষ্যভেদ সুনেলিটার। এছাড়া স্কোরশিটে নাম তোলেন সালিমা, লালরেমসিয়ামি, ঋতুজা, নিকি ও দীপিকা। বুধবার সেমি-ফাইনালে ভারতের প্রতিপক্ষ কোরিয়া।
চলতি মহাদেশীয় আসরে গ্রুপ বি’তে ছিল ভারত। এই পর্বে ৫টি ম্যাচ খেলতে হয়েছে সালিমাদের। প্রতিটিতেই যে শুধু জয় এসেছে তা নয়। প্রতিপক্ষকে নিয়ে কার্যত ছেলেখেলা করেছেন ঋতুজারা। উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও জাপানকে যথাক্রমে ১৯-০, ১৭-১, ২০-১, ৩-১ ব্যবধানে হারান তাঁরা। এদিন ছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচ। একরাশ আত্মবিশ্বাস নিয়েই টার্ফে নেমেছিল দেশের প্রমীলা বাহিনী। ম্যাচের চারটি কোয়ার্টারেই একচ্ছত্র আধিপত্য দেখায় তারা। থাই রক্ষণের নাভিশ্বাস উঠলেও প্রথম কোয়ার্টারে কোনোমতে দুর্গ অক্ষত রাখে তারা। কিন্তু পরের অর্ধে ডেডলক খোলেন সালিমা। দুরন্ত ফিল্ড গোলে জয়ের চিত্রনাট্য লেখা শুরু ক্যাপ্টেনের। এরপর জোড়া লক্ষ্যভেদ সুনেলিটার। তাঁর দু’টি গোলই আসে পেনাল্টি কর্নার থেকে। এরপর লালরেমসিয়ামি জাল কাঁপান ড্র্যাগ-ফ্লিক থেকে। ৩০ মিনিটে দুরন্ত স্টিকওয়ার্কে বল জালে পাঠান ঋতুজা। শেষ পর্বে নিকি এবং দীপিকাও লক্ষ্যভেদে সফল। তাঁদের এই ফর্ম এশিয়াডে সোনার আশা জাগিয়ে রেখেছে।
এশিয়াডের হকিতে পুরুষ দলও রয়েছে সপ্তম স্বর্গে। ইতিমধ্যেই গ্রুপ পর্বের চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে তারাও সেমি-ফাইনালে পৌঁছেছে। সোমবার এই পর্বের শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে।