Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

সোনা হাতছাড়া সর্বেশ ও আন্সির, এশিয়ান গেমসে রুপোলি দিন ভারতের

এশিয়ান গেমসে রবিবার একের পর এক আশা জাগিয়েও সোনার মুখ দেখা হল না ভারতের। তবে ঝুলিতে যোগ হল মোট সাতটি পদক। এর মধ্যে রয়েছে ৪টি রুপো ও ৩টি ব্রোঞ্জ।

সোনা হাতছাড়া সর্বেশ ও আন্সির, এশিয়ান গেমসে রুপোলি দিন ভারতের
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নাগোয়া: এশিয়ান গেমসে রবিবার একের পর এক আশা জাগিয়েও সোনার মুখ দেখা হল না ভারতের। তবে ঝুলিতে যোগ হল মোট সাতটি পদক। এর মধ্যে রয়েছে ৪টি রুপো ও ৩টি ব্রোঞ্জ। এদিন অল্পের জন্য সোনা হাতছাড়া হল স্কোয়াশে। পুরুষ ও মহিলাদের সিঙ্গলস ফাইনালে হারলেন যথাক্রমে অভয় সিং ও অনাহত সিং। পাশাপাশি ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও এল জোড়া রুপো। হাইজাম্পে সর্বেশ কুশারি ও লং জাম্পে অ্যান্সি সোজান দুরন্ত চেষ্টা করেও সোনা জিততে পারলেন না। এছাড়া ৩ হাজার মিটার স্টিপল চেজে ব্রোঞ্জ পান পারুল চৌধুরি। মহিলাদের ২০০ মিটার দৌড়ে তৃতীয় স্থানে শেষ করেন হারিতা ভদ্র। আর পুরুষদের ডেকাথলনে ব্রোঞ্জ জেতেন তেজস্বীন শঙ্কর।

Advertisement

স্কোয়াশে সোনার আশা ছিল অভয় সিংয়ের কাছে। কিন্তু ৩০ মিনিটের লড়াইয়ে মালয়েশিয়ার এইন ইয়রের কাছে ৯-১১, ৫-১১, ৫-১১ ব্যবধানে হারেন তিনি। এরপর একই ইভেন্টে মহিলাদের সিঙ্গলসে প্রত্যাশা পূরণে ব্যর্থ অনাহত সিং। তিনি বশ মানলেন মালয়েশিয়ার সুব্রহ্মণ্যম শিবসাঙ্গারির কাছে। ম্যাচের ফল ৪-১১, ৪-১১, ৭-১১। মহিলাদের লং জাম্পে অ্যান্সি সোজান সোনা হাতছাড়া করলেন মাত্র দুই সেন্টিমিটারের জন্য। কেরিয়ারের সেরা লাফে অতিক্রম করেন ৬.৫৩ মিটার। কিন্তু ৬.৫৫ মিটারের জাম্পে সোনা ছিনিয়ে নেন চীনের হুয়াং ইয়াংইয়াং। পাশাপাশি পুরুষদের হাই জাম্পে রুপো এল সর্বেশের হাত ধরে। ২.২৫ মিটার লাফান তিনি। চাইনিজ তাইপের সোনাজয়ী ফু চাউ’ও সমান উচ্চতা টপকান। কিন্তু অপেক্ষাকৃত কম প্রচেষ্টার বিচারে চ্যাম্পিয়ন হন ফু চাউ।
মহিলাদের ৩ হাজার মিটার স্টিপল চেজে ব্রোঞ্জ জেতার পথে পারুল চৌধুরি সময় নেন ৯ মিনিট ৮.৬৮ সেকেন্ড, যা জাতীয় রেকর্ডও বটে। ৯ মিনিট ৪.৩৬ সেকেন্ড নিয়ে সোনা জেতেন বাহারিনের উইনফ্রেড ইয়াভি। আর রুপো পান কাজাখস্তানের নোরাহ জেরুতো (৯:০৬.৮২)। মহিলাদের ২০০ মিটার ইভেন্টে ব্রোঞ্জ হরিত ভদ্রর (২৩.২০ সেকেন্ড)। এছাড়া ডেকাথেলনে ৭৯৩৪ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জেতেন তেজস্বীন।

Advertisement
সম্পর্কিত সংবাদ