নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কালীগঞ্জের পলাশীর সুগার মিলের সরকারি জমি থেকে দীর্ঘদিন ধরে বেআইনি মাটি কাটা, মূল্যবান গাছ কেটে বিক্রি সহ একাধিক অভিযোগ তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কৃষ্ণনগরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে মামলা দায়ের হল। সেই মামলায় কালীগঞ্জের বর্তমান বিধায়িক আলিফা আহমেদ, প্রাক্তন বিধায়ক হাসানুজ্জামান শেখ সহ মোট ৩০ জনের তৃণমূলের নেতা-কর্মীদের নামও যুক্ত করা হয়েছে। মামলাটি করেছেন কালীগঞ্জের বাসিন্দা তথা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী বাপন ঘোষ।
বিধায়ক আলিফা আহমেদ বুধবার বলেন, ‘আমি আইনে বিশ্বাসী। তদন্তে পুলিশকে সহযোগিতা করব। তবে, বোঝাই যাচ্ছে এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন অভিযোগ।’ যদিও অভিযোগকারী আদালতকে জানিয়েছেন, ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর নদীয়া ও সংলগ্ন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র সরকারি জমি থেকে বেআইনিভাবে মাটি কাটা এবং মূল্যবান গাছ কেটে বিক্রি শুরু করে। ২০১৬ সালের পর সেই কার্যকলাপ আরও ব্যাপক আকার নেয়। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে নদীয়ার কালীগঞ্জ এবং মুর্শিদাবাদের শক্তিপুর ব্লকের অন্তর্গত প্রায় ৩৩ হাজার বিঘা লিজ নেওয়া সরকারি জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করেছেন। বিষয়টি নিয়ে অভিযোগকারী একাধিকবার ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, বনদপ্তর, পুলিশ এবং অন্যান্য প্রশাসনিক কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
বাপনবাবু এদিন বলেন, ‘তৃণমূল সরকার আসার পর কালীগঞ্জে ঐতিহাসিক সুগার মিল থেকে নেতা-নেত্রীদের মদতে মিলের একাধিক যন্ত্রাংশ চুরি হয়ে যায়। কিন্তু তৃণমূল সরকার থাকাকালীন কোনো ব্যবস্থা হয়নি। রাজ্যের পালাবদলের পর আদালতের দ্বারস্থ হয়েছি।’ মামলাকারীর পক্ষের আইনজীবী শীর্ষেন্দু দাস বলেন, ‘২০১৬ সালে তৃণমূল সরকার পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর কালীগঞ্জ তথা মুর্শিদাবাদের অনুমানিক ৩৩ হাজার বিঘে জমির মাটি কেটে অবৈধভাবে বিক্রি করছে। সেইমতো মামলা করা হয়েছে।’