বেতন অমিল এনএসকিউএফ শিক্ষকদের
  • ১৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মধ্যেও বেতন পেলেন না রাজ্যের ৩,১১০ জন বৃত্তিমূলক স্কুলশিক্ষক। এঁরা উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে পাঠদানে নিযুক্ত। শনিবার, প্রথম সপ্তমীর দিনও বেতনের জন্য হন্যে হয়ে ফোনাফোনি করে চলেছেন বহু শিক্ষক। ইউনাইটেড ডব্লুবি এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের শীর্ষনেতা নিরূপম কোলে বলেন, ‘আমরা কেউই সেপ্টেম্বরের বেতন পাইনি। বহু জেলায় আবার আগস্ট মাসের বেতনও বকেয়া রয়ে গিয়েছে। যে বর্ধিত বেতন রাজ্য সরকার ঘোষণা করেছে, তাও কবে পাওয়া যাবে, বুঝতে পারছি না। আমাদের বলা হচ্ছে, কেন্দ্রের ভাগের টাকা আসেনি। সব মিলিয়ে পুজো যে খারাপ কাটতে চলেছে, তা বুঝতে পারছি।’

Advertisement

তৃণমূল আমল থেকেই এই শিক্ষকরা এজেন্সির আওতা থেকে বেরিয়ে এসে সরাসরি সরকারি দপ্তরের অধীনে আসার জন্য আন্দোলন চালিয়ে আসছেন। সেই দাবি পূরণ হয়নি। তবে বিজেপির সরকার হওয়ার পর তাঁদের ধারণা হয়েছিল, এবার হয়তো এজেন্সি প্রথার অবসান ঘটতে চলেছে। কিন্তু সেই আশাও পূরণ হয়নি। যদিও নতুন সরকার তাঁদের বেতনবৃদ্ধির কথা ঘোষণা করেছে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, বর্ধিত বেতন দূর অস্ত, বেতনই মিলছে না। এসএনএস স্পর্শ পোর্টালের সমস্যার জন্যই এই দেরি বলে জানানো হচ্ছে আধিকারিকদের তরফে। রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের টাকা আসতেও এ মাসে ব্যাপক দেরি হয়েছে। সমস্ত জেলায় বেতন হয়েছে শুক্রবার রাতে। হাজার হাজার কর্মীর মধ্যেও এনিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল।