Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডে রিবাকিনা ও গফ, স্নায়ুর যুদ্ধে উতরে গেলেন জেরেভ

আরও এক বড়ো অঘটনের ফাঁড়া এড়াল ফ্লাশিং মিডো। পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে কোনোক্রমে উতরে গেলেন আলেকজান্ডার জেরেভ।

ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডে রিবাকিনা ও গফ, স্নায়ুর যুদ্ধে উতরে গেলেন জেরেভ
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: আরও এক বড়ো অঘটনের ফাঁড়া এড়াল ফ্লাশিং মিডো। পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে কোনোক্রমে উতরে গেলেন আলেকজান্ডার জেরেভ। ইউএস ওপেনে টানা দ্বিতীয় ম্যাচে স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা দিতে হল শীর্ষ বাছাই জার্মান তারকাকে। শুক্রবার পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে ফরাসি প্রতিপক্ষ কোয়েন্টিন হ্যালিসকে হারাতে রীতিমতো কালঘাম ছুটল আলেকজান্ডার জেরেভের। উত্তেজনার পারদ চড়িয়ে শেষ পর্যন্ত তিনি জিতলেন ৬-৪, ৪-৬, ৭-৬ (৭-৩), ৬-৭ (৩-৭), ৬-৩ সেটে। নিশ্চিত করলেন তৃতীয় রাউন্ডের টিকিট।

Advertisement

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে শুরুতেই বিদায় নিয়েছেন নোভাক জকোভিচ। কেরিয়ারে প্রথমবার শীর্ষ বাছাইয়ের মর্যাদা নিয়ে অভিযান শুরু করা জেরেভও পর পর দু’ম্যাচে খাদের কিনারা থেকে রক্ষা পেলেন। প্রথম রাউন্ডে ইতালির লরেঞ্জো সোনেগোর বিরুদ্ধে প্রায় পাঁচ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ হাসি হেসেছিলেন ২৯ বছর বয়সি জার্মান তারকা। দ্বিতীয় রাউন্ডেও মসৃণ হল না তাঁর জয়। ‘ওপেন এরা’র ইতিহাসে জেরেভই প্রথম শীর্ষ বাছাই, যাঁর গ্র্যান্ড স্ল্যাম অভিযান শুরু হল পরপর দুটি পাঁচ সেটের ম্যাচ জিতে!
এদিন জেরেভকে রীতিমতো বেগ দেন বিশ্ব র‌্যাংকিংয়ে ৫২ নম্বরে থাকা কোয়েন্টিন হ্যালিস। প্রথম সেটে একটি ব্রেক পয়েন্টের সুবিধা নিয়ে অনায়াস জয় পান জেরেভ। কিন্তু দ্বিতীয় সেটে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ান ফরাসি খেলোয়াড়। আক্রমণাত্মক টেনিস খেলে সমতা ফেরান ম্যাচে। তৃতীয় সেটে জার্মান তারকার হতাশা ক্রমশ বাড়ছিল। শুরুতেই ব্রেক পয়েন্ট খুইয়ে ১-৪ ব্যবধানে পিছিয়ে পড়েন। তবে সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। টানা তিনটি গেম জিতে খেলা টাই-ব্রেকারে নিয়ে যান জেরেভ। তারপর ৭-৩ ব্যবধানে পকেটে পোরেন সেট। তবে হ্যালিসও হাল ছাড়ার পাত্র নন। চতুর্থ সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীকে ফের চেপে ধরেন তিনি। টাই-ব্রেকারে ৭-৩ ব্যবধানে জিতে পুনরায় ম্যাচে সমতা ফেরান দীর্ঘদেহী ফরাসি। শেষ সেট হয়ে দাঁড়ায় স্নায়ুর যুদ্ধ। আর তাতে অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাজিমাত জেরেভের। এছাড়া পুরুষদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে উঠেছেন ফ্ল্যাভিও কোবোলি। শুরুতে পিছিয়ে পড়েও পঞ্চম বাছাই ইতালিয়ান তারকা ৩-৬, ৬-৩, ৬-৪, ৭-৫ সেটে হারিয়েছেন আমেরিকার ট্রিস্টিয়ান স্কুলকেটকে।
মহিলাদের সিঙ্গলসে স্ট্রেট সেটে জিতেছেন এলেনা রিবাকিনা ও কোকো গফ। দ্বিতীয় বাছাই রিবাকিনা ৬-২, ৬-৪ সেটে উড়িয়ে দিয়েছেন স্পেনের জেসিকা মানেইরোকে। আর চতুর্থ বাছাই গফ ৬-৪, ৭-৬ (৭-৫) সেটে জেতেন পাওলা বাদোসার বিরুদ্ধে।

Advertisement
সম্পর্কিত সংবাদ