Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মাইলস্টোন স্পর্শের অপেক্ষায় রায়ান

এক দশকের অপেক্ষা। ১০ বছর বাদে জাতীয় দলের ম্যাচ হচ্ছে কোচিতে। আগামী ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে খালিদ ব্রিগেডের প্রতিপক্ষ হংকং।

মাইলস্টোন স্পর্শের অপেক্ষায় রায়ান
  • ২৯ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক দশকের অপেক্ষা। ১০ বছর বাদে জাতীয় দলের ম্যাচ হচ্ছে কোচিতে। আগামী ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে খালিদ ব্রিগেডের প্রতিপক্ষ হংকং। লিস্টন, মনবীর, আনোয়ারদের নিয়ে বেশ উৎসাহ রয়েছে কোচিতে। তবে চর্চার কেন্দ্রে রায়ান উইলিয়ামস। জাতীয় দলের জার্সিতে ভারতীয় বংশোদ্ভূত এই ফুটবলারের অভিষেক হচ্ছে কোচিতে। মাইলস্টোন স্পর্শ করার আগে উইলিয়ামস রোমাঞ্চিত। বললেন, ‘মাঠে নামতে তর সইছে না। ভারতের জার্সি গায়ে চাপাতে উন্মুখ।’ উল্লেখ্য, তৎকালীন বোম্বের হয়ে সন্তোষ ট্রফিতে প্রতিনিধিত্ব করেছিলেন রায়ানের ঠাকুরদা। রায়ানের যমজ ভাই আরিনও ভারতীয় ফুটবলে চেনা মুখ। ২০১৭-১৯ সাল পর্যন্ত আই লিগে নেরোকার হয়ে খেলেছেন তিনি। তবে ভারতের জাতীয় দলের জার্সি গায়ে চাপানো নিঃসন্দেহে আলাদা মাত্রা বহন করে। এর আগে গত বছর বাংলাদেশের বিরুদ্ধেই স্কোয়াডে ডাক পেয়েছিলেন উইং-হাফ রায়ান। কিন্তু প্রয়োজনীয় ছাড়পত্র না আসায় মাঠে নামা হয়নি। 

Advertisement

গত কয়েকদিন ধরেই কোচিতে প্রস্তুতি সারছে ভারতীয় দল। তবে জওহরলাল নেহেরু স্টেডিয়াম ব্যবহার নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। প্রাপ্য টাকা না মেটানোয় কেরল ফুটবল সংস্থাকে কাঠগড়ায় তোলে স্টেডিয়াম কর্তৃপক্ষ। এমনকী গেটে তালা দিয়ে রাখা হয়। ফলে অনুশীলন তো দূরের কথা, সাংবাদিক বৈঠকও করতে পারেননি খালিদ। তা নিয়ে বিস্তর শোরগোল শুরু হতেই সমালোচনার মুখে পড়ে স্টেডিয়াম ম্যানেজমেন্ট। তবে কোচ খালিদ জামিল এসব নিয়ে ভাবতে নারাজ। বরং ঘরের মাঠে হংকংকে টেক্কা দিতে মরিয়া তিনি। গ্রুপ ‘সি’তে এখনও জয় পায়নি ব্লু টাইগার্স। ৫ ম্যাচের ৩টিতেই হেরে সর্বনিম্ন স্থানে খালিদ ব্রিগেড। এমনকী, পদ্মাপারে দুর্বল বাংলাদেশের কাছেও বশ মেনেছেন গুরপ্রীতরা। এমন অবস্থায় হংকংকে হারাতে না পারলে খালিদকে নিয়েও প্রশ্ন উঠবে। অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ০-১ গোলে পরাস্ত হয় ভারত। তবে অহেতুক পরীক্ষা-নিরীক্ষায় না হেঁটে পরিচিত ফুটবলরেদের স্কোয়াডে রেখেছেন মুম্বইকর কোচ। শিবিরে মোহন বাগানের ৬ ও ইস্ট বেঙ্গলের ৩ ফুটবলার রয়েছেন।
এদিকে, অনূর্ধ্ব-২০ স্যাফ ফুটবলে বাংলাদেশের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল ভারত। বিশাল যাদবের গোলে লিড নিয়েও শেষরক্ষা হয়নি। চড়া মেজাজের ম্যাচে লাল কার্ড দেখানো হয় গোলকিপার কোচ সন্দীপ নন্দীকে। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ বি’র শীর্ষে থেকেই সেমি-ফাইনালে পৌঁছল ভারত। ১ এপ্রিল শেষচারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভুটান।

সম্পর্কিত সংবাদ