Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জনকল্যাণ শিবিরের নামে গুজব বিডিও অফিসে বহু মানুষের ভিড়

বিডিও অফিসে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। গ্রামে গ্রামে এমন গুজব ছড়িয়ে পড়ায় শুরু হয় বিভ্রান্তি। বৃহস্পতিবার সকাল থেকে হাতে সরকারি প্রকল্পের নথিপত্র নিয়ে ইটাহার বিডিও অফিসে ভিড় জমান শতাধিক মানুষ।

জনকল্যাণ শিবিরের নামে গুজব বিডিও অফিসে বহু মানুষের ভিড়
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইটাহার: বিডিও অফিসে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। গ্রামে গ্রামে এমন গুজব ছড়িয়ে পড়ায় শুরু হয় বিভ্রান্তি। বৃহস্পতিবার সকাল থেকে হাতে সরকারি প্রকল্পের নথিপত্র নিয়ে ইটাহার বিডিও অফিসে ভিড় জমান শতাধিক মানুষ। কারুর অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ। অনেকের দাবি, আবাস যোজনার তালিকায় নাম নেই। অনেকে এসেছেন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগ নিয়ে। কিন্তু বিডিও অফিসে এসে তাঁরা জানতে পারেন এখানে কোনো শিবির হচ্ছে। দেখে হতবাক হয়ে পড়েন তাঁরা। মুহূর্তে প্রশাসনিক চত্বরে তৈরি হয় চরম বিভ্রান্তি।

Advertisement

ভুয়ো খবর শুনে ১০-৩০ কিলোমিটার দূর থেকে বিভিন্ন প্রকল্পের আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি নিয়ে বিডিও অফিসে চলে আসেন বহু মানুষ। বিডিও অফিসের বিভিন্ন বিভাগে তাঁরা ছোটাছুটি শুরু করেন। পরে বিষয়টি বুঝতে পেরে পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় ব্লক প্রশাসন।
দুর্গাপুর অঞ্চলের গন্ডাহার গ্রামের বাসিন্দা সুলতান আলি বলেন, গ্রামে শুনলাম ব্লক অফিসে জনকল্যাণ শিবির হচ্ছে। তাই স্ত্রীর অন্নপূর্ণার আবেদনপত্র নিয়ে এখানে এসেছি। কিন্তু এসে দেখি কোনো শিবির হচ্ছে না! একই অভিযোগ মারনাই গ্রাম পঞ্চায়েতের কঁচুয়া গ্রামের রাহেলা বিবির। তিনি বলেন, আবাস যোজনার তালিকায় নাম নেই। জনকল্যাণ শিবির হচ্ছে শুনে টোটো ভাড়া করে বিডিও অফিসে এসেছিলাম। কিন্তু এখানে কোনো শিবির হচ্ছে না। শুধু শুধু হয়রানি হতে হল।
পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি বিডিও অফিস প্রাঙ্গণে মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দপ্তরেও খবর পাঠানো হয়। অভিযোগ জানানোর জন্য বিডিও অফিসে বসানো হয় ড্রপ বক্স। পরিস্থিতি সামাল দিয়ে প্রশাসনিক চত্বরে মোতায়েন করা হয় পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। পরে অভিযোগ পত্র ও প্রয়োজনীয় নথি ড্রপ বক্সে জমা দিয়ে বাড়ি ফেরেন বিডিও অফিসে আসা সাধারণ মানুষ।
বিডিও মৃগাঙ্কশেখর দাস বলেন, জনকল্যাণ শিবির হচ্ছে এই গুজবের শিকার হয়েছেন বহু সাধারণ মানুষ। মানুষের হয়রানি ঠেকাতে বিষয়টি বুঝতে পেরে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে তাঁদের সচেতন করা হয়েছে। অভিযোগ জানানোর জন্য ড্রপ বক্স বসানো হয়েছে। পাশাপাশি যারা এই গুজব ছড়িয়েছে তাঁদের চিহ্নিত করার কাজ চলছে। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ