নিজস্ব প্রতিনিধি, বরানগর: যতকাণ্ড পানিহাটিতে। চেয়ারম্যান বদলের রেশ কাটতে না কাটতেই এবার পরপর হুমকি ফোন। রাজ্য তৃণমূলের মুখপাত্র তথা পানিহাটি শহর (পূর্ব) তৃণমূল সভাপতি সম্রাট চক্রবর্তীকে বিদেশি নম্বর থেকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ওই ফোনে এলাকার বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর ছেলেকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এরপর রবিবার সন্ধ্যায় পুরসভার সিআইসি (বিদ্যুৎ) তাপস দেও পেয়েছেন হুমকি ফোন। পুলিসের তরফে তাপসবাবুর নিরাপত্তায় এক কনস্টেবল নিয়োগ করা হয়েছে। রাতে পুরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীকেও একই নম্বর থেকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়।
শনিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট নাগাদ এগারো ডিজিটের একটি নম্বর থেকে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্রাটবাবুর ফোনে পরপর দু’বার ফোন আসে। তিনি শহরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারও। ২০২২ সালে প্রথম তাঁর নিরাপত্তায় এক কনস্টেবল নিয়োগ করেছিল পুলিস। ২০২৪ সালে পুলিস অপরাধীদের জেরা করে তাঁকে খুনের পরিকল্পনার কথা জানতে পারে। এরপর তাঁর নিরাপত্তায় আরও দুই সশস্ত্র পুলিসকর্মী মোতায়েন করা হয়েছিল। সম্রাটবাবু বলেন, ফোনে পানিহাটির বিধায়ক ও তাঁর পুত্রকে হুমকি দেওয়া হয়। আমাকে রাজনীতি করতে বারণ করা হয়। আমার পরিবারকেও হুমকি দেওয়া হয়েছে। ৩ মিনিট ২০ সেকেন্ডের ওই ফোনে বলা হয়, এই নির্দেশ পালন করা খুব জরুরি। না হলে মুশকিল হবে। বিধায়ক ও তাঁর ছেলেকে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখার হুমকি দেওয়া হয়েছে। ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছি। এরপর রবিবার সন্ধ্যায় পুরসভার সিআইসি তাপসবাবুকে ফোন করে বলা হয়, সোমবার বেলা ১২টায় একটি নির্দিষ্ট জায়গার সামনে আসবি। না এলে এরপর তোরটা তুই বুঝে নিবি। তিনিও পুলিসের দারস্থ হয়েছেন। প্রসঙ্গত, তিন বছর আগে পানিহাটিতে কাউন্সিলার অনুপম দত্ত খুন হয়েছিলেন।