Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাতের অন্ধকারে মাটি পাচার, গাড়ি আটকালেন গ্রামবাসীরা

রাতের অন্ধকারে মাটি পাচার, গাড়ি আটকালেন গ্রামবাসীরা
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাতের অন্ধকারে মাটি কেটে পাচার হচ্ছে। প্রতিবাদ করলে পড়তে হচ্ছে মাফিয়াদের হুমকির মুখে। এই অবস্থায় অবৈধ মাটি পাচার রুখতে পথে নামল এলাকার সাধারণ মানুষ। মাটিভর্তি গাড়ি আটকে প্রতিবাদ ও বিক্ষোভ দেখালেন তাঁরা। পুলিস এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় জনতা। রবিবার রাতে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় শাসন থানার অন্তর্গত দাদপুর পঞ্চায়েতের ধোকরা গ্রামে। পুলিস দু’টি মাটিবোঝাই গাড়ি আটক করলেও চালক ও খালাসি পালিয়ে যায়। তারা কীভাবে পালাল, সেই প্রশ্নে পুলিসের ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিক্ষুব্ধ মানুষজন। 
Advertisement
জানা গিয়েছে, শাসন, কীর্তিপুর, দাদপুর, ফলতি সহ হাড়োয়ার বিস্তীর্ণ এলাকায় দিনের পর দিন চলছে মাটি কেটে পাচারের কারবার। পুলিসের নজর এড়াতে অন্ধকার নামলেই শুরু হয় মাফিয়াদের দাপাদাপি। অবৈধ এই কাজের ফলে রাস্তাঘাট যেমন নষ্ট হচ্ছে, তেমনি চাষের জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাপকভাবে। আগামী দিনে এর জন্য বড়সড় সমস্যার সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা এলাকাবাসীর। অন্যান্য দিনের মতো রবিবার রাতেও জেসিবি দিয়ে মাটি কেটে পাচার হচ্ছিল। ধোকরা গ্রামের কয়েকশো বাসিন্দা ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিসের নজরদারিতে গাফিলতির অভিযোগ ওঠে। বিক্ষোভকারী মহম্মদ রাজু, জামাল মল্লিকরা বলেন, ‘মাটির গাড়ি ও জেসিবির আওয়াজে কান পাতা দায়। রাস্তাঘাট সব শেষ। মাধ্যমিক পরীক্ষা চলছে, কিন্তু মাফিয়াদের ভ্রুক্ষেপ নেই।’ তৃণমূল নেতাদের মদতেই এই কাজ চলছে বলে অভিযোগ করেন তাঁরা। হাড়োয়ার তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের অবশ্য দাবি, ‘দলীয় নেতৃত্ব ও পুলিসকে বলার পর মাটি কাটা বন্ধ হয়ে গিয়েছে। আমি নিজেও চাই, এই কারবার বন্ধ হোক।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ