সংবাদদাতা, মালদহ: ইংলিশবাজারের পূর্ব ও পশ্চিমপ্রান্তের মধ্যে যাতায়াতের জন্য রথবাড়িতে তৈরি হওয়া রেলের আন্ডারপাসেও নিয়মিত তৈরি হচ্ছে যানজট। টোটো চালকদের একাংশ ওই আন্ডারপাসেই যাত্রী ওঠানো ও নামানোর জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে। ফলে যানজটের সমস্যা ক্রমশ বাড়ছে। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। জেলা ট্রাফিক পুলিসের তরফে আন্ডারপাসকে যানজট মুক্ত রাখতে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। মালদহ শহরের পূর্বপ্রান্ত ও পশ্চিম প্রান্তের এলাকার মধ্যে যোগাযোগের জন্য এক সময় ছিল শুধুমাত্র রেলের লেভেল ক্রসিং পার হয়ে যাওয়ার একটিমাত্র রাস্তা। নব্বইয়ের দশকে তৈরি হয় একটি ফ্লাইওভার। কিন্তু ইংলিশবাজারের পশ্চিমদিকের দিকের ওয়ার্ডগুলিতে ক্রমশ বাড়তে থাকে বসতি। জনসংখ্যায় ধীরেধীরে অনেকটাই বেড়ে যায়। শেষ পর্যন্ত বছর দুয়েক আগে তৈরি হয় আন্ডারপাস। যানজটের সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্যেই এবং সুরক্ষিতভাবে শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে এই আন্ডারপাস তৈরি হয়। কিন্তু আমজনতা ও নিত্যযাত্রীদের অভিযোগ টোটোচালকদের একাংশ এবং বেশ কিছু ছোট গাড়ি চালক আন্ডারপাসেই কার্যত অস্থায়ী স্ট্যান্ড বানিয়ে ফেলেছে। ফলে তীব্র যানজট হচ্ছে। যাত্রী তোলার প্রতিযোগিতার কারণেই এই অব্যবস্থা তৈরি হচ্ছে বলে তাঁদের দাবি।
Advertisement
জেলা ট্রাফিক পুলিসের এক পদস্থ আধিকারিক বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যেই ওই আন্ডারপাসে নজরদারি শুরু হয়েছে। আন্ডারপাস দখল করে দাঁড়িয়ে থাকা যানবাহনকে সতর্ক করা হয়েছে। কোনও কারণ ছাড়া যানবাহন আন্ডারপাসে দাঁড় করিয়ে রাখলে এবার আইন অনুযায়ী কড়া পদক্ষেপ করা হবে।



