Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাত হলেই কুমারগ্রাম ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্র চত্বরে নেশার আসর

রাত হলেই কুমারগ্রাম ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্র চত্বরে নেশার আসর
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্র চত্বরে রাত হলেই বসছে নেশার আসর। সন্ধ্যার পরই অফিস চত্বর চলে যাচ্ছে সমাজবিরোধীদের দখলে। অফিসের আশেপাশে পড়ে থাকছে মদের বোতল। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষও। অবিলম্বে এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। 
Advertisement
কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম নারারথলি মৌজায় অবস্থিত কুমারগ্রাম ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্র। একইসঙ্গে রয়েছে ব্লক প্রাণী সম্পদ বিকাশ আধিকারিকের করণও। ৩১সি জাতীয় সড়কের উত্তর পাশে রয়েছে ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের অফিসটি। সমাজবিরোধীরা প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের কাচের জানালা পর্যন্ত ভেঙে দিয়েছে। এমনকী স্বাস্থ্যকেন্দ্র চত্বরে থাকা লাইটও ভেঙে দিয়েছে। এককথায় সন্ধ্যার পরই ওই চত্বরে শুরু হয় সমাজবিরোধীদের দৌরাত্ম্য। 
স্থানীয়দের অভিযোগ, ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের কয়েকশো মিটারের মধ্যে রয়েছে একাধিক মদের দোকান। ফলে সমাজবিরোধীরা সহজেই মদ নিয়ে ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্র চত্বরে ঢুকে যাচ্ছে। এই পরিস্থিতিতে দাবি উঠেছে, এলাকায় পুলিসি নজরদারি বাড়ানোর। 
কুমারগ্রাম ব্লক প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক ডাঃ নয়নকুমার বাটুল বলেন, ব্লক প্রাণী স্বাস্থ্যকেন্দ্র চত্বরে রাতে নেশার আসর বসে। বিষয়টি আগে পুলিসকে জানিয়েছিলাম। কিন্তু কোনও কাজ হয়নি। দুষ্কৃতীরা স্বাস্থ্যকেন্দ্রের জানালা ও লাইট ভেঙে দিয়েছে। 
এ বিষয়ে কামাখ্যাগুড়ি পুলিস ফাঁড়ির ওসি প্রদীপ মণ্ডল বলেন, আমাকে এই বিষয়ে কেউ কিছু জানায়নি। তাই বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে দেখব। যদি এমনটা হয়ে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ