নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাস্তার ধারে ঝোপ থেকে রক্তাক্ত এক যুবককে উদ্ধার করল পুলিস। সোমবার সকালের এ ঘটনায় আলোড়ন ছড়ায় এলাকায়। জলপাইগুড়ি কোতোয়ালি থানার রংধামালি সংলগ্ন জয়পুর চা বাগানে যাওয়ার রাস্তার পাশে বছর চল্লিশের ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় তাঁকে এভাবে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে সেখানকার মানুষজন খবর দেন থানায়। এরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আইসি সঞ্জয় দত্ত। অ্যাম্বুলেন্সে চাপিয়ে জখম ব্যক্তিকে নিয়ে আসা হয় জলপাইগুড়ি মেডিক্যালের সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু কীভাবে ওই ব্যক্তি জখম হলেন, তা নিয়ে ধোঁয়াশা দেখা গিয়েছে। তাঁর শরীরের আঘাতের চিহ্ন দেখে পুলিসের প্রাথমিক অনুমান, মারধর করে কেউ চা বাগানের পাশে ঝোপের আড়ালে ফেলে দিয়ে গিয়েছে ওই ব্যক্তিকে। তবে এর পিছনে কে বা কারা রয়েছে, এদিন রাত পর্যন্ত তা জানতে পারেনি পুলিস।
Advertisement
কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, রাস্তার ধারে ঝোপের আড়াল থেকে উদ্ধার হওয়া জখম ওই ব্যক্তির পরিচয় জানা গিয়েছে। তার নাম রবি ভুঁইয়া। বাড়ি অরবিন্দ পঞ্চায়েতের অসম মোড় এলাকায়। তাঁর বাড়ির লোকজনের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁরা সেভাবে কিছু বলতে পারছেন না। জখম ওই ব্যক্তিও কথা বলার মতো পরিস্থিতিতে নেই। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটু সুস্থ হলেই ঘটনাটি জানতে তাঁর সঙ্গে কথা বলা হবে। আইসি বলেন, আঘাতের ধরন দেখে মনে হচ্ছে, বাটাম জাতীয় কিছু দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে ওই ব্যক্তিকে।
পরিবারের সঙ্গে কথা বলে পুলিস জানতে পেরেছে, ওই ব্যক্তি একসময় পিকআপ ভ্যান চালাতেন। কিন্তু পরে কাজ চলে যায় কিংবা তিনি কাজ ছেড়ে দেন। তারপর থেকে এখানে ওখানে ঘুরে বেড়াতেন। ঠিকমতো বাড়িতে যেতেন না। স্ত্রী বেশ কিছুদিন তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। এই পরিস্থিতিতে কেন তাঁকে লোকজন মারধর করবে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিসের ধারণা, মারধরের ঘটনা অন্য কোথাও ঘটেছে। ফাঁকা জায়গা দেখে মারাত্মক জখম অবস্থায় জয়পুর চা বাগানের রাস্তার পাশে ফেলে দিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে।