নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেক শহরে তো আছেই, বিধাননগর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তার হাল নিয়েও রয়েছে অভিযোগ। রাস্তার পূর্ণ সংস্কার নিয়ে বারবার দাবি উঠেছে। বহু জায়গায় সারাবছর বেহাল রাস্তায় চলাচল করতে গিয়ে সমস্যায় পড়ছেন অসংখ্য মানুষ। বিষয়টি নজরে এসেছে পুরসভারও। একাধিক বোর্ড মিটিঙেও রাস্তার সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। তাই এবার শহরের রাস্তা ও ফুটপাতের উন্নয়নের উপর বিশেষ জোর দিল বিধাননগর পুর কর্তৃপক্ষ। এবারের বাজেট প্রস্তাবে রাস্তা ও ফুটপাতের উন্নয়ন বাবদ ৭৬ কোটি টাকা খরচ করার প্রস্তাব রয়েছে। অঙ্কটা গতবছর ছিল ৫১ কোটি টাকা। অর্থাৎ, এবার ২৫ কোটি টাকা বেশি বরাদ্দ বাড়াতে চাইছে পুরসভা। এতে রাস্তা মেরামতেও টাকার ঘাটতি থাকবে না। গত বৃহস্পতিবার বিধাননগর পুরসভার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করা হয়। সেখানে নাগরিক উন্নয়নের ইস্যুতেই প্রথমেই রাস্তার কথা তুলে ধরা হয়েছে। পুরসভার দাবি, রাস্তা তৈরি বা সংস্কারে সঙ্গে সেগুলির মান ও স্থায়িত্বের উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। বাড়তি নজর থাকবে ফুটপাতের উন্নয়নের উপরেও। ভাঙা ফুটপাত নতুন করে বাঁধানো হচ্ছে। হাঁটাচলার সুবিধার্থে বসছে পেভার ব্লকও।
Advertisement
পুরসভা সূত্রের খবর, গতবছর অর্থসঙ্কটের কারণে সমস্যা হয়েছিল। তাই এবার সকলেই বরাদ্দ বৃদ্ধির পক্ষে ছিলেন। দ্বিতীয়ত, সমস্ত রাস্তায় এবং পার্কগুলিতে পর্যাপ্ত আলোর উপরেও জোর দেওয়া হয়েছে। এজন্য এই বাবদ সাড়ে ১৮ কোটি টাকা খরচ করার প্রস্তাব রাখা হয়েছে। সব মিলিয়ে নাগরিক উন্নয়ন গতি পাবে বলেই আশা করা হচ্ছে।



