নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসতে বাড়ির প্রবেশ পথে সিপিএম নেতারা আড্ডা দিতেন। বারে বারে বলেও কাজ হয়নি। এ নিয়ে শনিবার প্রতিবাদ করায় আক্রান্ত দম্পতি। এক্ষেত্রে অভিযোগের তির বারাসতের এক প্রাক্তন সিপিএমের কাউন্সিলার সহ তাঁর দলবলের দিকে। ঘটনাটি ঘটেছে বারাসত পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাদুতে। এনিয়ে বারাসত থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সূর্যেন্দু সরকার। তদন্ত শুরু করেছে পুলিস। শনিবার রাতে মেয়ের জন্য ওষুধ কিনতে বের হন সূর্যেন্দু। তখনই বাড়ি ঢোকার রাস্তা আটকে সিপিএমের দীর্ঘদিনের আড্ডা নিয়ে আপত্তি করেন তিনি। তারপরই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। সূর্যেন্দু বলেন, সিপিএমের নেতা, কর্মীরা বাড়ির সামনের ঢোকার রাস্তা আটকে গালিগালাজ দিয়ে আড্ডা দেন। এনিয়ে আগেও আপত্তি জানিয়েছি। এদিন ফের আপত্তি জানানোয় আমাকে মারধর করেছেন ওঁরা। উপস্থিত ছিলেন সিপিএমের প্রাক্তন কাউন্সিলারও। আওয়াজ শুনে স্ত্রী বেরিয়ে এলে তাঁকেও হেনস্তা করা হয়। পুলিস ফাঁড়ির সামনেই ঘটনাটি ঘটেছে। কিন্তু পুলিস কোনও পদক্ষেপ করেনি। অভিযোগ উড়িয়ে সিপিএম নেতা আহমেদ আলি খান বলেন, রাস্তা আটকে আমাদের দলের নেতাকর্মীরা আড্ডা দেন না। মারধরের অভিযোগও মিথ্যা।



