নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রিষড়ার বন্ধুকে খুনের ঘটনায় ধৃত যুবককে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল রিষড়া থানার পুলিস। খুনে ব্যবহৃত অস্ত্র ফেলা, খুনের সময় কি হয়েছিল, ধৃত সুজল সাউ সমস্ত ঘটনা অভিনয় করে দেখায়। পুরোটাই রেকর্ড করে পুলিস। প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি খুন হয়েছিলেন কলেজ পড়ুয়া অভিষেক পাসোয়ান। তদন্তে নেমে পুলিস প্রায় ২৮ দিন পর অভিষেকের বন্ধু সুজলকে গ্রেপ্তার করে। এদিন সেই খুনের ঘটনারই পুনর্নির্মাণ করা হয়। পুলিস জানিয়েছে, অভিষেক রেশনের দোকানে কাজ করতেন। তাঁর পরীক্ষার কারণে অস্থায়ীভাবে সে বন্ধু সুজলকে সেখানে কাজের জন্য নিযুক্ত করেছিল। সুজলের কাজের খুব প্রয়োজন ছিল। বন্ধু ফিরে এসে তার কাজ চলে যাবে, এই ভাবনা তাকে গ্রাস করেছিল। পাশাপাশি, সুজলের অভিযোগ যে ক’দিন সে কাজ করেছিল সেই টাকাও অভিষেক তাকে দেয়নি। সেসব রাগেই সে অভিষেককে খুন করে। স্থানীয় একটি পুকুরে সে খুনে ব্যবহৃত ছুরিটি ফেলে দিয়েছিল। সোমবার সেই ছুরিও পুলিস বাজেয়াপ্ত করেছে। পুলিসের একটি সূত্র জানিয়েছে, অপরাধকেন্দ্রিক একটি সিরিয়াল সুজল দেখত। সেখান থেকেই সে খুনের পরিকল্পনা তৈরি করেছিল। রিষড়া থানার পুলিস জানিয়েছে, ধৃতকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। দ্রুত তাকে আদালতে আবার পেশ করা হবে। গোটা ঘটনা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে। মৃতের দিদি সবিতা পাসোয়ান বলেন, আমার একমাত্র ভাইকে তারই বন্ধু খুন করেছে। ভাইকে হারানোর পাশাপাশি মানুষের উপরে বিশ্বাস হারানোর কষ্টও পাচ্ছি। সুজলের ফাঁসি চাই।



