নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কোথাও বড়ো বড়ো গর্ত, কোথাও ভেঙেচুরে একাকার। পিচ উঠে গিয়ে দাঁত বের করে রয়েছে স্টোনচিপস। সল্টলেক সহ বিধাননগর পুরসভার একাধিক রাস্তার এই নিদারুণ দশা। বর্ষায় রাস্তার হাল আরও খারাপ। তবে পুজোর আগে রাস্তা সংস্কার করার উদ্যোগ নিয়েছে বিধাননগর পুরসভা। প্রায় ৬৩ কোটি টাকা খরচ করে পুরসভার ১৯৩টি রাস্তা সংস্কার করা হচ্ছে। এর মধ্যে সল্টলেকের ৬৩টি রাস্তা রয়েছে। কোথাও কংক্রিটের ব্লক, কোথায় বিটুমিন ম্যাস্টিক রোড, কোথাও আবার ঢালাই রাস্তা তৈরি করা হবে।
সল্টলেকের রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। রাজ্যে পালাবদলের পর রাস্তা সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছিল। বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় উদ্যোগ নিয়েছিলেন। তিনি এ নিয়ে একাধিকবার পুরসভার প্রশাসক রবি আগরওয়ালের সঙ্গে বৈঠক করেন। তারপর রাস্তার কাজ শুরু হয়। সল্টলেক সহ বাগুইআটি, কেষ্টপুর, কৈখালি, রাজারহাট, গোপালপুর, নারায়ণপুর সহ পুরসভার অন্তর্গত ৪১টি ওয়ার্ডের একাধিক অঞ্চলেই রাস্তার হাল খারাপ।শুক্রবার পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৩টির মধ্যে বেশিরভাগ রাস্তার টেন্ডার প্রক্রিয়া হয়ে গিয়েছে। কাজ শুরু হয়েছে। দুর্গাপুজোকে সামনে রেখে ১০ অক্টোবরের মধ্যে রাস্তার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ৬২ কোটি ৬৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সল্টলেকে ব্লকের ভিতরের রাস্তাগুলি বিটুমিন ম্যাস্টিক রোড করা হবে। অর্থাৎ বিটুমিনের উপর ম্যাস্টিক কোটিং থাকবে। তবে বেশিরভাগ মূল রাস্তায় বসানো হবে কংক্রিটের ব্লক। ইতিমধ্যেই সল্টলেকের ১৩ নম্বর জলের ট্যাংক থেকে অনিন্দিতা আইল্যান্ড পর্যন্ত একটি লেনে কংক্রিটের ব্লক বসানো হয়ে গিয়েছে। উত্তর থানার সামনেও বসবে কংক্রিট ব্লক। পুরসভার মোট ২২টি রাস্তায় বসানো হবে এই ব্লক।
পুরসভার দাবি, কংক্রিটের ব্লক দীর্ঘস্থায়ী। বিশেষ করে বর্ষার সময়ও কাজ করা যায়। কারণ ব্লক বসানোর আগে নীচের রাস্তা মসৃণ করতে হয়। বৃষ্টি হলে বোঝা যায় তার উপর কোথায় জল জমছে। সরেজমিনে তদন্ত করে তারপর ওই ব্লক পাতা হয়। রাজারহাট-গোপালপুরে দিকে কিছু পাড়ার ছোটো আকারের রাস্তা আছে। সেগুলির অবস্থাও খারাপ। তবে সেখানে বিটুমিন বা কংক্রিট ব্লক নয়। ঢালাই রাস্তা তৈরি করা হবে।