নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: অবৈধ বালি ও মাটি থেকে ১০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। পুজোর আগে বিপুল পরিমাণে রাজস্ব আদায় হওয়ায় খুশি পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। জানা গিয়েছে, বেআইনি বালি ও মাটি ধরতে শেষ কয়েক মাসে ৭০০টি অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, এই জেলায় বেআইনি বালি ও মাটি ধরতে ২৪ ঘণ্টা চেকিং চলছে। কয়েক মাসে শুধু পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ফাইন বাবদ ৩ কোটি টাকা আদায় করা হয়েছে। তবে পার্শ্ববর্তী জেলা থেকে আসা বালি বোঝাই গাড়িতে বেশি অনিয়ম দেখা যাচ্ছে। এদিন জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। কয়েক মাসের মধ্যেই বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। বেআইনি কাজ করলে কাউকে ছাড়া হবে না। আমি নিজেও অভিযানে যাচ্ছি। প্রসঙ্গত, বর্তমান রাজ্য রাজনীতিতে বালি নিয়ে ব্যাপক চাপানউতোর রয়েছে। অবৈধ বালি কারবার নিয়ে বেশি আক্রমণ করেছে বিরোধী দলগুলি। পশ্চিম মেদিনীপুর জেলাতেও নির্বাচনের আগে বালিকে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়েছে। ইতিমধ্যেই জঙ্গলমহলের এই জেলা কেন্দ্রীয় এজেন্সির নজরে এসেছে।



