নতুন বছরেই নিউটাউন জু’য়ে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার, প্রস্তুতি শুরু করল বনদপ্তর
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অতীতে ঘোষণা হয়েছে একাধিকবার। তৈরি করা হয়েছিল এনক্লোজারও। কিন্তু নিউটাউনে বাঘের গর্জন শোনার সুযোগ হয়নি। অবশেষে সে অপেক্ষার অবসান হতে চলেছে। উত্তরবঙ্গ থেকে স্মার্টসিটি নিউটাউনের হরিণালয় মিনি জু’য়ে নিয়ে আসা হবে রয়্যাল বেঙ্গল টাইগার। আগামী বছরই বাঘ আনা হবে বলে জানা গিয়েছে। ১ জানুয়ারি আনার চেষ্টা চলছে। উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্ক থেকে স্মার্টসিটিতে আসবে ভারতের জাতীয় পশু। নিউটাউন ইকোপার্কের ৬ নম্বর গেটের পাশে তৈরি রয়েছে হরিণালয় মিনি জু। প্রথমেই এখানে জু তৈরি হয়নি। হিডকো প্রায় ১৩ একর জমি দিয়েছিল। ২০১৬ সাল নাগাদ হয় হরিণালয়ের সূচনা। প্রথমে ডিয়ারপার্ক ছিল। পরে জু কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মিনি জু চালু হয়। তখন থেকে একাধিকবার ঘোষণা হয়েছিল, বাঘ নিয়ে আসা হবে। সিংহও আনা হবে। কিন্তু যে কারণেই হোক দর্শনার্থীরা বাঘ দেখার সুযোগ থেকে এখনও বঞ্চিত। যদিও ধাপে ধাপে জিরাফ, জেব্রা ও বিভিন্ন প্রজাতির পাখি, বানর, কুমির, একাধিক প্রজাতির হরিণ, জলহস্তি সহ নানা ধরনের প্রাণী আনা হয়েছিল। শীতের মরশুমে ভিড়ও হয় এখানে। তাই জানুয়ারিকেই টার্গেট করছে বনদপ্তরও। কারণ বাঘ এলে ভিড়ও আরও বাড়বে।

Advertisement

শুক্রবার হরিণালয় পরিদর্শন করেন রাজ্যের বনমন্ত্রী মনোজকুমার ওঁরাও। সেখানে তিনি বলেন, ৫-৬ মাসের মধ্যে এখানে বাঘ নিয়ে আসা হবে। তারপর তৎপরতা শুরু হয়। শনিবার মন্ত্রী সংবাদমাধ্যমকে বাঘের বিষয়ে বলেন, হরিণালয়ে সবকিছুই আছে। শুধু বাঘ নেই। তা‌ই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে বাঘ ছাড়া হবে। আমরা চেষ্টা করছি ১ জানুয়ারি আনার। ধরে নিন তিনমাসের মধ্যেই আমরা বাঘ এনে ছেড়ে দেব। বেঙ্গল সাফারি থেকেই একটি বাঘ নিয়ে যাওয়া হবে।