সংবাদদাতা, দুর্গাপুর: অভিজাত মাল্টিপ্লেক্সে বিক্রি হওয়া প্যাটিস পচা! এমনই অভিযোগের সূত্র ধরে মঙ্গলবার দুর্গাপুরের করঙ্গপাড়ার একটি বেকারিতে হানা দিল খাদ্যসুরক্ষা দপ্তর। যৌথ অভিযানে শামিল হয় পুলিশ এবং দুর্গাপুর পুরনিগমের আধিকারিকরাও। বেকারিতে তল্লাশিতে মেয়াদ উত্তীর্ণ কেক, প্যাটিস সহ একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে। পাশাপাশি ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারায় সংশ্লিষ্ট সংস্থাকে নোটিস দিয়েছে খাদ্যসুরক্ষা দপ্তর।
খাদ্যসুরক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের নামী ওই মাল্টিপ্লেক্সে পচা প্যাটিস বিক্রির অভিযোগ খতিয়ে দেখতে গিয়েই ওই বেকারির নাম সামনে আসে। অভিযোগ, মাল্টিপ্লেক্সে সরবরাহ করা খাবারগুলি ওই বেকারিতে তৈরি করা হয়। সেই সূত্র ধরেই করঙ্গপাড়ায় পৌঁছে যান আধিকারিকরা। অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী উদ্ধার হয়েছে। ব্যবসার প্রয়োজনীয় নথিও দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এরপরই বেকারিকে নোটিস দেওয়া হয়। একটি আউটলেটের বৈধ লাইসেন্স না থাকায় সেটিও বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।
খাদ্যসুরক্ষা দপ্তরের আধিকারিক শুভম ঘোষ বলেন, মাল্টিপ্লেক্সে পচা প্যাটিস পাওয়ার অভিযোগের তদন্তে নেমেই বেকারির খোঁজ মেলে। খাবারগুলি সেখানেই তৈরি হয় বলে জানতে পেরে অভিযান চালানো হয়। কর্তৃপক্ষ কিছু নথি দেখালেও প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র পেশ করতে পারেনি। লাইসেন্স না থাকায় একটি আউটলেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করঙ্গপাড়ার বেকারিতে খাদ্য সুরক্ষা দফতরের হানা।-নিজস্ব চিত্র



