নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: স্বাধীনতার আগে তৈরি হয়েছিল স্কুল। সংস্কারের অভাবে স্কুল ভবনের বর্তমান অবস্থা বেহাল। বৃহস্পতিবার স্কুলেরই একটি ঘরের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বর্তমানে সেই অংশে কোনও ক্লাস না হওয়ায় বরাতজোরে রক্ষা পেয়েছে পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড়ের নিশ্চিতপুর জুনিয়র বেসিক স্কুলে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অভিভাবকদের একাংশ। বলাগড়ের বাকুলিয়া ধোবাপাড়া পঞ্চায়েত এলাকার এই স্কুলটির ছাদ ভেঙে পড়ার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে যান স্কুল পরিদর্শক। ওই অংশের আশপাশে যাতে পড়ুয়ারা না আসে, সে ব্যাপারে শিক্ষক ও শিক্ষাকর্মীদের সতর্ক করেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই স্কুল বিল্ডিংয়ের রক্ষণাবেক্ষণ হয় না। গোটা স্কুলের অবস্থাই বেহাল। এর মধ্যেই পড়ুয়াদের নিয়ে ক্লাস চলছে রোজ। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, যে ঘরের ছাদ ভেঙে পড়েছে, সেখানে বর্তমানে ক্লাস হয় না। প্রধান শিক্ষক বলেন, ‘বৃষ্টি হলেই ওই ঘরের ছাদ বেয়ে জল পড়ত। তাই ওই ঘরে আমরা গত কয়েকদিন ধরে ক্লাস বন্ধ রেখেছি।’ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, ‘স্কুলের ওই অংশটি পরিত্যক্ত হিসেবে ছিল। স্কুলের বিল্ডিং নির্মাণের জন্য আমরা প্রস্তাব তৈরি করেছি।’



