মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তিপত্রে গত কয়েক বছর ‘এপ্লাস’ গ্রেডে ছিল তাঁদের অবস্থান। সেখান থেকে একেবারে ‘বি’ গ্রেডে নামলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। প্রকাশিত রিপোর্ট অনুসারে, বোর্ডের নতুন বার্ষিক চুক্তিতে ‘এপ্লাস’ গ্রেডটাই তুলে দেওয়া হয়েছে। তবে রয়েছে ‘এ’ গ্রেড। তাতে জায়গা হয়নি ‘রো-কো’ জুটির। কারণ, তাঁরা এখন শুধুমাত্র একদিনের ম্যাচ খেলেন। সেজন্যই দ্বিতীয় গ্রেডে রাখা হয়েছে দুই মহাতারকাকে। ‘এ’ গ্রেডে রয়েছেন মোট তিনজন ক্রিকেটার। তাঁরা হলেন যশপ্রীত বুমরাহ, শুভমান গিল ও রবীন্দ্র জাদেজা। উল্লেখ্য, টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জাড্ডু। তারপরও তাঁকে ‘এ’ গ্রেডে রাখা নিয়ে প্রশ্ন উঠছে। রোহিত-বিরাট ছাড়াও ‘বি’ গ্রেডে আছেন লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ।



